Apan Desh | আপন দেশ

ভর্তুকি মূল্যে টিসিবির চাল কিনতে পারবে কোটি পরিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২০, ১৬ জুলাই ২০২৩

ভর্তুকি মূল্যে টিসিবির চাল কিনতে পারবে কোটি পরিবার

ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু করেছে টিসিবি

এখন থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারীরা তেল, চিনি ও ডাল ছাড়াও ভর্তুকি মূল্যে জনপ্রতি পাঁচ কেজি করে চাল কিনতে পারবেন। রোববার (১৬ জুলাই) থেকে সারাদেশে চাল বিক্রির এ কার্যক্রম চালু করেছে টিসিবি।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এদিন রাজধানীর উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে নতুন এ কার্যক্রমের উদ্বোধন করেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ সময় উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির আওতায় টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের মধ্যে কেজি প্রতি ৩০ টাকা দরে পাঁচ কেজি করে চাল দেয়া হবে। দেশব্যাপী এ কার্যক্রমের আওতায় টিসিবির ডিলাররা এখন নির্ধারিত দিন ও সময়ে তেল, চিনি ও ডালের সঙ্গে চালও বিক্রি করবেন। খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, একজন কার্ডধারী ২০০ টাকায় দুই লিটার সয়াবিন তেল, ১২০ টাকায় দুই কেজি মসুর ডাল, ৭০ টাকায় এক কেজি চিনি ও ১৫০ টাকায় পাঁচ কেজি চাল কিনতে পারবেন।

‘টিসিবির মাধ্যমে চাল বিতরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তার ফসল’ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশেনায় জনসাধারণ টিসিবির মাধ্যমে তেল, ডাল, চিনির মতো নিত্য-প্রয়োজনীয় পণ্য সূলভে পাচ্ছে। এর সঙ্গে চাল যুক্ত করায় তাদের আরও সুবিধা হবে।

টিসিবির এই চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খাদ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনবান্ধব চিন্তাকে আজ বাস্তব রূপ দেয়া হলো।

তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনার (কোভিড-১৯) পর শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এতে সারা বিশ্বে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এই অবস্থা থেকে দেশের নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করার জন্য সরকার এক কোটি পরিবারের মধ্যে স্বল্পমূল্যে নিত্য-পয়োজনীয় দ্রব্য বিক্রির সিদ্ধান্ত নেয়। এছাড়া সরকারের ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি ও জেলেদের জন্য বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি চলমান রয়েছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, টিসিবির লক্ষ্য হচ্ছে, কম দামে চাল বিক্রির কার্যক্রমে সাধারণ মানুষকে যুক্ত করা। প্রধানমন্ত্রীর নির্দেশেই নিত্যপণ্যের সঙ্গে চাল দেয়া হচ্ছে, যাতে জনসাধারণ উপকৃত হয়। এক কোটি পরিবার চাল পাওয়া মানে পাঁচ কোটি মানুষ সরাসরি এর মাধ্যমে উপকৃত হওয়া।

এ সময় তিনি টিসিবির কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নে গণমাধ্যমকেও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, গত এক বছর যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্যের দাম অনেক বেড়েছে। এ অবস্থায় সাধারণ মানুষ টিসিবির পণ্যের মধ্যে চাল যুক্ত করার দাবি জানিয়েছিল। সাধারণ মানুষের সেই দাবির পরিপ্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টিসিবির চেয়ারম্যান আরিফুল হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য সচিব ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সাখাওয়াত হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান প্রমুখ।

আপন জন/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়