ছবি : আপন দেশ
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্রও জারি করা হয়েছে।
তবে সরকারি এ নির্দেশনার পরও বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) ব্যানার-ফেস্টুনে অর্থমন্ত্রীর পদবির আগে ‘মাননীয় মন্ত্রী’ শব্দ ব্যবহার করা হয়েছে।
এ ঘটনায় প্রশ্ন উঠেছে, সরকারের নির্দেশনার পরও রাষ্ট্রীয় একটি নিয়ন্ত্রক সংস্থার অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে কেন ‘মাননীয়’ শব্দ ব্যবহার করা হলো।
সংযুক্ত ব্যানার-ফেস্টুনে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়’ উল্লেখ করে অর্থমন্ত্রীর নাম দেয়া হয়েছে। নিচে তার ছবি এবং ‘শুভাগমনে’ লেখা রয়েছে। ব্যানারটির নিচের অংশে আইডিআরের পক্ষ থেকে স্বাগত জানানোর কথা উল্লেখ করা হয়েছে।
এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে দাফতরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার নির্দেশনা দেয়া হয়। একইসঙ্গে অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
পরিপত্রে বিষয়টিকে ‘অতি গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে সিদ্ধান্তটি অনতিবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে। সরকারের এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের পদবির আগে সম্মানসূচক শব্দ ব্যবহারে সরকারি দাফতরিক যোগাযোগে প্রচলিত রীতি থেকে সরে আসার নির্দেশনা দেয়া হয়েছে। ফলে সরকারি প্রতিষ্ঠানগুলোর চিঠিপত্র, নথি, সারসংক্ষেপ ও অন্যান্য আনুষ্ঠানিক যোগাযোগে এ নির্দেশনা অনুসরণের কথা।
আরও পড়ুন <<>> বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
সোমবার (১৪ সেপ্টেম্বর) আইডিআর পরিদর্শনের কর্মসূচি ছিল মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এ উপলক্ষে তৈরি ব্যানার-ফেস্টুনে ‘মাননীয়’ শব্দের উপস্থাপন দেখা গেছে। সংস্থাটির অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে অর্থমন্ত্রীর পরিচয়ের আগে ‘মাননীয় মন্ত্রী’ লেখা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, সরকারি প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রমে সরকারের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা গুরুত্বপূর্ণ। বিশেষ করে মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে যখন বিষয়টিকে ‘অতি গুরুত্বপূর্ণ’ উল্লেখ করা হয়েছে, তখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার সুযোগ রয়েছে।
তবে আইডিআরএর ব্যানারে ‘মাননীয়’ শব্দ ব্যবহারের বিষয়ে সংস্থাটির সংশ্লিষ্টদের বক্তব্য জানা যায়নি।
আপন দেশ/কেএম/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































