ছবি: আপন দেশ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সামনে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধনের পর একই স্থানে পাল্টা কর্মসূচি পালন করেছে ‘ইসলামী ব্যাংক ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদ’। দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে গ্রাহকদের পূর্বঘোষিত কর্মসূচি শুরু হওয়ার আগে চাকরিচ্যুত কর্মীরা স্থান ত্যাগ করেন। এর আগে সকাল ১০টা থেকে এক সময় এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংকসহ ছয়টি ব্যাংক থেকে চাকরিচ্যুত কয়েক হাজার কর্মী ব্যাংকের সামনে অবস্থান নেন। তাদের উল্লেখযোগ্য অংশের বাড়ি চট্টগ্রামের পটিয়া এলাকায় বলে জানা গেছে।
পরে গ্রাহকদের সমাবেশে সংগঠনের সভাপতি নূরুন নবী মানিক পাঁচ দফা দাবি উত্থাপন করেন। সেগুলো হলো– এস আলমসহ সংশ্লিষ্ট সব শীর্ষ ‘লুটেরা’কে গ্রেফতার; দেশে থাকা সম্পদ বাজেয়াপ্ত করা; বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা; ব্যাংক রেজুল্যুশন আইনে সংযোজিত ১৮/ক ধারা বাতিল করা এবং ব্যাংকের সামনে ‘মব’ সৃষ্টির সুযোগ দিলে তার দায় সরকারকে নিতে হবে।
আরও পড়ুন<<>>‘এফবিসিসিআইকে অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে’
গ্রাহকরা অভিযোগ করেন, কোনও ধরনের অবৈধ দখলদার গোষ্ঠীকে ব্যাংকে প্রবেশের সুযোগ দেয়া হলে তা মেনে নেয়া হবে না। একইসঙ্গে তারা দাবি করেন, যাদের কাছ থেকে জোরপূর্বক ব্যাংকের মালিকানা নেয়া হয়েছে, তাদের হাতেই দ্রুত মালিকানা ফিরিয়ে দিতে হবে।
সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন, যেখানে ব্যাংক দখলের প্রচেষ্টা বন্ধ, কালো আইন বাতিল এবং এস আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয়।
দাবিগুলো বাস্তবায়নে জনমত গড়ে তুলতে আগামী ১৫ দিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে গ্রাহক সমন্বয় পরিষদ।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংককে ঘিরে মালিকানা, ব্যবস্থাপনা ও আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে টানাপোড়েন ক্রমেই বাড়ছে, যার প্রতিফলন হিসেবে মাঠ পর্যায়ে এমন পাল্টাপাল্টি কর্মসূচি দেখা যাচ্ছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































