ছবি: আপন দেশ
রাজধানীর কলাবাগান, ওয়ারী, কাফরুল, ধানমন্ডি ও সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে পৃথক পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাতের মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত না হলেও হাতিরপুল এলাকায় একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ারী এলাকার আবেদ আলী উচ্চবিদ্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিস্ফোরণের পর তারা পালিয়ে যায়।
জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুলে ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশ।
কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক জানান, আটক ব্যক্তিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্ফোরণে কেউ আহত হননি।
আরও পড়ুন <> পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে
এদিকে রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় শাহ আলী প্লাজার বিপরীতে একটি ককটেল বিস্ফোরণ ঘটে।
কাফরুল থানার ওসি আলমগীর হোসেন জানান, বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিকে ধাওয়া করেও আটক করা সম্ভব হয়নি।
এ ছাড়া রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ধানমন্ডি ২৭ নম্বরে রাপা প্লাজার সামনে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে রাজধানী ঢাকায় সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে শুক্রবার মধ্যরাতে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি।
শাহবাগ থানা পুলিশ জানায়, রাত ১টা ৩৭ মিনিটে মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে প্রাথমিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, জাতীয় প্রেসক্লাবের পূর্ব পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল দুটি বিস্ফোরণ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































