জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শামীম গাজী (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বকশীগঞ্জ পুরাতন গো হাটি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
শামীম গাজী সাধুর পাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। উপজেলার সাধুর পাড়া ইউনিয়নের আর্চাকান্দি গ্রামের কবির আলী গাজীর ছেলে শামীম। নাদিম হত্যা মামলার আসামী আমর আলী গাজীর ছোট ভাই তিনি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ পুরাতন গো হাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ১৪ জুন বুধবার পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে পৌর শহরের সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। প্রথমে তাকে বকশীগঞ্জ হাসপাতালে ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান সাংবাদিক নাদিম।
এই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুর পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুুকে প্রধান আসামী করে ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন।
সাংবাদিক নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ প্রতিনিধি ছিলেন। তিনি নিলাক্ষিয়া ইউনিয়নের গোমেরচর গ্রামের আব্দুল করিমের ছেলে। স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেকে নিয়ে তিনি বকশীগঞ্জ পৌর শহরে পশ্চিম পাড়া এলাকায় বসবাস করতেন তিনি।
আপন দেশ/প্রতিনিধি/আরএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।























