Apan Desh | আপন দেশ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:১২, ১১ অক্টোবর ২০২৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

ফাইল ছবি, আপন দেশ

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও বাইশফাঁড়ি সীমান্তে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। অভিযানে ২ লাখ পিম বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় দু’জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টার দিকে ঘুমধুম বিওপির একটি টহলদল সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় অভিযান চালায়। এ সময় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, মো. ইসলাম (২৫), পিতা মো. হোসেন, এফডিএমএন ক্যাম্প-৮ এবং মো. মোজিবুল্লাহ (২৩), পিতা মো. জলিল, এফডিএমএন ক্যাম্প-৮।

অন্যদিকে, রোববার (১১ অক্টোবর) ভোর ৪টার দিকে বাইশফাঁড়ি বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ৯০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

দুটি অভিযানে সর্বমোট ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক দুই রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এ ছাড়া উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। 

আরও পড়ুন<<>>চাঁদপুরে মাদকসহ ২০ জন গ্রেফতার

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিজিবি সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

সীমান্তে মাদক পাচার রোধ এবং দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে সুরক্ষিত রাখতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়