ছবি: আপন দেশ
বরিশাল-ঢাকা রুটে প্রতিদিন নিয়মিত বিমানের ফ্লাইট চালুর দাবি জানিয়েছে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি। দাবি বাস্তবায়নে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণকালে বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বিষয়টির গুরুত্ব বিবেচনা করে তা মন্ত্রী বরাবর পাঠানোর কথা জানান।
এ সময় বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, সহসভাপতি ও সিনিয়র সাংবাদিক নাছিম উল আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৭৯ সালে বরিশাল বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ১৯৯৯ সালে এর নির্মাণকাজ শুরু হয়। পরবর্তীতে বরিশাল সেক্টরে জাতীয় পতাকাবাহী বিমানের আনুষ্ঠানিক ফ্লাইট চালু হয়। ২০২১ সালের ২৬ মার্চ থেকে নতুন উড়োজাহাজ দিয়ে বরিশাল সেক্টরে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু হলেও পরবর্তীতে ফ্লাইটের সংখ্যা কমতে থাকে। এতে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
আরও পড়ুন<<>>এতিম শিশুদের ৩ মাসের খাদ্য সহায়তা প্রদান
স্মারকলিপিতে আরও বলা হয়, বর্তমানে ঢাকা-বরিশাল-ঢাকা আকাশপথে সপ্তাহে বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার তিনটি ফ্লাইট পরিচালিত হচ্ছে। তবে আগামী ২৫ অক্টোবর থেকে ফ্লাইট সংখ্যা কমিয়ে দুটি করার উদ্যোগ নেয়া হয়েছে। এতে বরিশালের বিমান যোগাযোগ আরও সংকুচিত হবে উল্লেখ করে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে বরিশাল-ঢাকা রুটে সপ্তাহে সাত দিন নিয়মিত ফ্লাইট পরিচালনার দাবি জানানো হয়েছে।
এ ছাড়া যশোর-বরিশাল-চট্টগ্রাম রুট পুনরায় চালুর দাবিও জানিয়েছে সংগঠনটি। তাদের মতে, এ রুট চালু হলে দেশের তিনটি গুরুত্বপূর্ণ বিভাগীয় অঞ্চলের মধ্যে সরাসরি আকাশ যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। এতে ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও প্রশাসনিক কার্যক্রমে গতি আসার পাশাপাশি দক্ষিণাঞ্চলের মানুষের সময় ও অর্থ সাশ্রয় হবে।
সংগঠনটির দাবি, বর্তমানে বরিশালসহ দক্ষিণাঞ্চলের মানুষকে চট্টগ্রাম যেতে ঢাকা হয়ে দীর্ঘ ও ব্যয়বহুল পথ পাড়ি দিতে হয়। সড়কপথে বরিশাল থেকে চট্টগ্রাম যেতে প্রায় ২০ থেকে ২৪ ঘণ্টা সময় লাগে। অন্যদিকে দক্ষিণাঞ্চল থেকে কলকাতাগামী যাত্রীদের একটি বড় অংশ যশোরের বেনাপোল স্থলবন্দর ব্যবহার করেন। যশোর-বরিশাল-চট্টগ্রাম রুট চালু হলে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে যশোর ও বেনাপোলের যোগাযোগ আরও সহজ হবে।
বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন বলেন, বরিশাল বিভাগের মানুষের দীর্ঘদিনের বিমান যোগাযোগের চাহিদা রয়েছে। নিয়মিত বিমান যোগাযোগ নিশ্চিত করা গেলে মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও আঞ্চলিক অর্থনীতিও উপকৃত হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































