ছবি: আপন দেশ
পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া এলাকায় ক্বারী মো. আব্দুর রউফ মুন্সি নামে এক ব্যবসায়ীকে মারধর করে ৫ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই করা হয়েছে।
এখানেই থেমে থাকেনি দূর্বৃত্তরা। তারা নারী দিয়ে সাজানো ভিডিওর মাধ্যমে ব্ল্যাকমেইল করে আরও ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী। জঘন্য এ ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের মাগুরমারি চৌরাস্তা বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।
মানববন্ধনে ভুক্তভোগী আব্দুর রউফ ও তার স্বজনরা অভিযোগ করেন, গত ০৩ সেপ্টেম্বর রাতে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র তার পথরোধ করে। হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লোহার রডের মুখে তাকে জিম্মি করে নির্জন স্থানে নিয়ে যায়। রশি দিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে তার সঙ্গে থাকা ৫ লাখ ৪০ হাজার টাকা কেড়ে নেয়।
ভুক্তভোগীর আরও অভিযোগ করেন, টাকা ছিনিয়ে নেয়ার পর চক্রটি একজন নারীকে সেখানে নিয়ে আসে এবং জোরপূর্বক আপত্তিকর পরিস্থিতি সাজিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরবর্তীতে বিভিন্ন আইডি থেকে ভিডিওগুলো ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তার কাছে আরও ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে। সম্মানহানির ভয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আরও পড়ুন<<>>আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪
এ ঘটনায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মানববন্ধনে সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তারুল হক মুকুসহ বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন সম্মানিত ব্যবসায়ীকে এভাবে হেনস্থা ও লুণ্ঠন করার ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমরা প্রশাসনের কাছে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।
পঞ্চগড় সদর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই চন্দ কুমার রায় জানান, ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































