ছবি: আপন দেশ
ময়মনসিংহের গফরগাঁওয়ে পাথরবাহী মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। এতে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে ট্রেন লাইনচ্যুত হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানাধীন কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন জানান, ঘটনাস্থলে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে রাত ১১টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে। এরপর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন <<>> বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ
এর আগে, লাইনচ্যুত বগিটি ঘটনাস্থলে রেখে মালবাহী ট্রেনের অন্য বগিগুলো মশাখালী রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়।
এদিকে, দুর্ঘটনার কারণে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ কমিউটার, মহুয়া কমিউটার, জামালপুর কমিউটার ও যমুনা এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
ময়মনসিংহ রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার পর ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































