Apan Desh | আপন দেশ

অস্ত্রের ভয় দেখিয়ে জমি দখল, বিচার চান ভুক্তভোগীরা

মাসুদ রানা, কুড়িগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৮, ১০ সেপ্টেম্বর ২০২৬

অস্ত্রের ভয় দেখিয়ে জমি দখল, বিচার চান ভুক্তভোগীরা

ছবি: আপন দেশ

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের আলেয়ার বাজার চৌধুরীপাড়া এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে অন্যের জমি দখলের অভিযোগ ওঠেছে খয়বর আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অস্ত্রের ভয় ও প্রভাব খাটিয়ে অসংখ্য মানুষের জমি জালিয়াতি, প্রতারণা এবং অবৈধভাবে দখলের অভিযোগ রয়েছে। 

স্থানীয় ও ভুক্তভোগীদের দাবি, বছরের পর বছর ধরে তিনি এলাকার সহজ-সরল মানুষ, প্রতিবন্ধী ও অসহায় পরিবারের জমি জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেছেন। এমনকি আপন ভাইয়ের জমিও নিজের নামে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, গ্রামের বহু মানুষ একত্রিত হয়ে নিজেদের জমি হারানোর অভিযোগ তুলছেন। তবে অধিকাংশই নিরাপত্তার শঙ্কায় প্রকাশ্যে নাম বলতে রাজি হননি। অভিযুক্তের প্রভাবের কারণে এতদিন কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাননি।

আফরোজা বেগম নামের এক ভুক্তভোগী বলেন, আমার পৈতৃক জমির কাগজ জালিয়াতি করে জমি দখল করা হয়েছে। আমরা গরিব মানুষ, মামলা করার সামর্থ্যও নেই। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, সঠিক তদন্ত করে জমি ফিরিয়ে দেয়া হোক। 

আরও পড়ুন<<>>তেঁতুলিয়ায় পোড়ানো হলো ২৫০০ দলিল

আরেক ভুক্তভোগী আশরাফুল ইসলাম বলেন, প্রতিবাদ করলেই ভয়ভীতি দেখানো হয়। অনেকেই হুমকির কারণে আদালত বা থানায় যেতে চান না। আমরা নিরাপদে বিচার চাই।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খয়বর আলীর নির্দিষ্ট কোনো দৃশ্যমান পেশা নেই। অথচ জমিজমা সংক্রান্ত নানা জালিয়াতি ও দখলের মাধ্যমে তিনি কয়েক কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। 

গ্রামবাসীর দাবি, জমির দলিল, নামজারি ও খতিয়ান সংক্রান্ত বিষয়ে তিনি অত্যন্ত কৌশলী হওয়ায় অনেক অসহায় মানুষ প্রতারণার শিকার হয়েছেন। কেউ অজ্ঞতার সুযোগে, আবার কেউ ভয়ভীতির কারণে নিজের জমি হারিয়েছেন বলে অভিযোগ করেন তারা।

এদিকে এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে ওঠা এসব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলে ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবেন। ভবিষ্যতে এমন জালিয়াতি ও দখলবাজি বন্ধ হবে।

অভিযুক্তের আপন ভাই মকসেদ আলী বলেন, আমারও জমি জালিয়াতি করে খয়বর দখল করেছে। কোন কিছু বললে অস্ত্র নিয়ে হামলা চালায়। আমরা সাধারণ মানুষ। জমির কাগজ বুঝি না। এ সুযোগেই অনেকের জমি হাতিয়ে নেয়া হয়েছে। এখন প্রশাসন ছাড়া আমাদের আর কোনো ভরসা নেই।

এ বিষয়ে জানতে অভিযুক্ত খয়বর আলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদকের ওপর ক্ষিপ্ত হয়ে ফোন কেটে দেন। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন বলেন, জমি জালিয়াতি ও দখল সংক্রান্ত লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়