Apan Desh | আপন দেশ

তেঁতুলিয়ায় পুড়িয়ে ফেলা হলো ২৫০০ দলিল

পঞ্চগড় প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:০২, ১০ সেপ্টেম্বর ২০২৬

তেঁতুলিয়ায় পুড়িয়ে ফেলা হলো ২৫০০ দলিল

ছবি: আপন দেশ

২০১৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত দীর্ঘদিনের না দাবিকৃত ২ হাজার ৫শটি মূল দলিল আগুনে পুড়িয়ে ধ্বংস করলো পঞ্চগড়ের তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়।  

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে সরকারি বিধি মোতাবেক জনসম্মুখে এ কার্যক্রম সম্পন্ন করা হয়।

দলিল ধ্বংসের সময় তেঁতুলিয়ার দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার পঞ্চগড় সদরের তৌফিক সালাউদ্দিন, নাজমুল হক, অফিসের সহকারী কর্মচারী, নকল নবীশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অফিস সূত্রে জানা গেছে, ২০১৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত অনেক গ্রহীতা তাদের জমি নিবন্ধনের পর মূল দলিল গ্রহণ করতে আসেননি। সরকারি নিয়মানুযায়ী একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দলিলগুলো অফিসে সংরক্ষিত থাকে। দীর্ঘ সময় পার হওয়ার পর না দাবিকৃত এসব দলিল বিনষ্ট করার প্রক্রিয়া শুরু হয়। 

আরও পড়ুন<<>>স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, মামলা করায় হুমকি

দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার নাজমুল হক জানান, সরকারের সকল নিয়ম ও পরিপত্র অনুসরণ করে এ পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি বলেন, ২০১৩ সালের দলিল নম্বর ৯ হতে ২০২২ সালের ২৬৪৯ নম্বর দলিল পর্যন্ত বিন্যস্তকরণের জন্য আমরা একাধিকবার নোটিশ দিয়েছি এবং এলাকায় মাইকিং করে প্রচার চালিয়েছি। আমাদের কাছে মোট ৩ হাজার ১৫০টি অবিতরণকৃত দলিল ছিল। প্রচারণার পর ৬৫০ জন গ্রহীতা তাদের দলিল সংগ্রহ করেছেন। অবশিষ্ট ২ হাজার ৫০০ দলিল কেউ দাবি না করায় আজ সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হলো।

তিনি আরও জানান, দলিলগুলো ধ্বংস করা হলেও সাধারণ মানুষের দুশ্চিন্তার কোনো কারণ নেই। কারণ প্রতিটি দলিলের তথ্য ইতোমধ্যে বালাম বইতে (রেকর্ড বুক) স্থায়ীভাবে লিপিবদ্ধ রয়েছে। ভবিষ্যতে যদি কোনো মালিকের দলিলের প্রয়োজন হয়, তবে তারা সংশ্লিষ্ট রেকর্ড থেকে বিধি মোতাবেক দলিলের অবিকল নকল (সার্টিফাইড কপি) সংগ্রহ করতে পারবেন।

পুরোনো ও অপ্রয়োজনীয় নথিপত্র ধ্বংসের মাধ্যমে অফিসের স্থানাভাব দূর করার পাশাপাশি কাজের গতিশীলতা বাড়বে বলে মনে করছে কর্তৃপক্ষ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়