ছবি: আপন দেশ
ইলিশ ধরায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদফতর। অভিযানে দুই হাজার মিটার কারেন্ট জাল ও আট কেজি ইলিশ জব্দ করা হয়।
রোববার (২৫ অক্টোবর) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। কুড়িগ্রাম সদরের ঘোগাদহ, যাত্রাপুর এবং উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ইলিশের প্রজনন সুরক্ষা নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও সংরক্ষণ নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে ব্রহ্মপুত্র নদে অভিযানটি পরিচালনা করা হয়।
আরও পড়ুন<<>>জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী
অভিযানকালে নদ থেকে অবৈধভাবে মা ইলিশ শিকারের অভিযোগে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের দুই হাজার মিটার কারেন্ট জাল ও আট কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে উদ্ধার করা ইলিশ স্থানীয় চর রসুলপুর নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এবং ঘোগাদহ কেরাতুল কোরআন নূরানী হাফিজিয়া ও কাওমি মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এ ঘটনায় একটি মামলা হলেও কাউকে জেল বা জরিমানা করা হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ আহরণ, বিতরণ ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তারই প্রেক্ষিতে জেলা প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রামে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের এ কার্যক্রমে জেলে সম্প্রদায় অল্প কয়েক দিনের জন্য ক্ষতিগ্রস্ত হলেও এর মাধ্যমে জাতির বৃহত্তর স্বার্থ রক্ষা পাবে।
জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশ রক্ষায় এবং সরকারের এ নিষেধাজ্ঞা শতভাগ বাস্তবায়নে নদ-নদীতে এ ধরনের অভিযান ২৯ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































