ছবি: আপন দেশ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারীর আমঝোল সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ তিনজন আহত হয়েছেন। এ সময় বাঘটি তাড়াতে দুই রাউন্ড ফাঁকা গুলিও ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আহতরা হলেন হাতীবান্ধার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের শরিফা বেগম (৩৪), নজরুল ইসলাম এবং আফসার আলী।
বাঘের আক্রমণে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল ৯০৫ নম্বর পিলারসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আমঝোল এলাকার শরিফা বেগম ধানক্ষেতে ছাগল খুঁজতে যান। সীমান্তের কাছাকাছি পৌঁছালে দেখতে পান একটি বাঘ ছাগলকে আক্রমণ করছে। এ সময় শরিফা বেগম ভয়ে চিৎকার শুরু করলে বাঘটি তাকে ধাওয়া করে আক্রমণ চালায়। শরিফা চিৎকার করলে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে দ্রুত ছুটে আসেন। এ সময় ক্ষিপ্ত হয়ে বাঘটি স্থানীয়দের ওপরও চড়াও হয়। এ সময় বাঘও আক্রমণ করে। এতে তিনজন আহত হোন। পরে স্থানীয় লোকজনের ধাওয়ায় বাঘটি সীমান্ত এলাকার দিকে পালিয়ে যায়।
আরও পড়ুন<<>>মালিকদের দ্বন্দ্বে কিশোরগঞ্জ-মহাখালী রুটে দুর্ভোগে যাত্রীরা
আহতদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক গুরুতর আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মামুন রহমান জানান, বাঘের আক্রমণের শিকার হয়ে আহত রোগীরা হাসপাতালে এসেছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে বিজিবি সদস্যরা রয়েছেন। আহতদের পরিবারের লোকজন তাদের চিকিৎসার জন্য রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































