Apan Desh | আপন দেশ

সাফে হামজা-ফারহানকে নিয়ে দুঃসংবাদ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:০৭, ২৫ অক্টোবর ২০২৬

সাফে হামজা-ফারহানকে নিয়ে দুঃসংবাদ

ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আগামী ৫ নভেম্বর। ঘরের মাঠে ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে নামবে লাল-সবুজদের প্রতিনিধিরা। তবে এ পূর্ণ শক্তির দল পাচ্ছে না বাংলাদেশ। হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে পাওয়া যাবে না এ ম্যাচে।

রোববার (২৫ অক্টোবর) সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়। এদিন এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলি।

ডুলি বলেন, হামজা ৯ নভেম্বর আসবে। ফারহানও সম্ভবত ৯ নভেম্বর আসবে, কাছাকাছি কোনো একটা সময়ে। তাই দ্বিতীয় ম্যাচে আমরা তাদের পাব।

মূলত ফিফার আন্তর্জাতিক বিরতির সঙ্গে সাফের সূচির মিল না থাকায় এ সমস্যায় পড়েছে বাংলাদেশ। আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা। অথচ ফিফার আন্তর্জাতিক বিরতি শুরু হবে ৯ নভেম্বর। ফলে এর আগে বিদেশি ক্লাবগুলো জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়তে বাধ্য নয়।

বিষয়টি নিয়ে নিজের অসন্তোষও প্রকাশ করেছেন ডুলি। তার মতে, ক্লাবগুলোর নিজস্ব প্রতিযোগিতার ব্যস্ততা থাকায় প্রবাসী ফুটবলারদের সময়মতো পাওয়া কঠিন হয়ে পড়েছে।

বাংলাদেশ কোচ বলেন, ক্লাবের লিগ ম্যাচ রয়েছে। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের তারা ছাড়তে চায় না। এমনকি তাদের ছাড়ার বাধ্যবাধকতাও নেই। ক্লাব চাইলে বলতে পারে, এখন আমাদের সঙ্গেই থাকতে হবে। যখন ছাড়তে বাধ্য হব, তখনই ছাড়ব। সেটা ৮ নভেম্বর।

ফুটবলারদের দেশে পৌঁছানোর বিষয়টিও সহজ নয় বলে মনে করেন ডুলি। তিনি বলেন, তারা ৯ নভেম্বর রওনা দিতে পারে, আবার ক্লাবের ম্যাচ শেষ করেই আসতে পারে। সবকিছু নির্ভর করবে ফ্লাইটের ওপর। মানুষ যতটা সহজ মনে করে, বিষয়টি ততটা সহজ নয়।

এদিকে সাফ সামনে রেখে রোববার থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। ক্যাম্পের জন্য ডাকা ৩০ ফুটবলারের মধ্যে প্রথম দিন রিপোর্ট করেছেন ২১ জন। সাফের জন্য ঘোষিত ২৮ সদস্যের প্রাথমিক দলের বাইরে ইসহাক আকান্দো ও মো. আসিফকে শুধু অনুশীলনের সুযোগ দেয়া হয়েছে। হামজা ও ফারহান ছাড়া অন্য প্রবাসী ফুটবলারদের বেশির ভাগের আগামী ৩ নভেম্বরের মধ্যে যোগ দেয়ার কথা রয়েছে।

তবে প্রস্তুতির সময় কম পাওয়া এবং খেলোয়াড়দের ফিটনেস নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন ডুলি। সাফ কর্তৃপক্ষের কাছে গত ১৮ অক্টোবরের মধ্যে ২৮ সদস্যের তালিকা জমা দিতে হয়েছে। ফলে শেষ মুহূর্তে কেউ চোটে পড়লে বিকল্প খুঁজে নেয়ার সুযোগও সীমিত।

আরও পড়ুন <<>> দ.আফ্রিকা সফরে অনিশ্চিত নাহিদ রানা

বাংলাদেশ কোচ বলেন, কেউ আগের দিন ম্যাচ খেলে আজ এসে যদি হাঁটুতে সমস্যা নিয়ে হাজির হয়, তাহলে আমাদের কী করার আছে? কিছুই করার নেই। তাকে খেলার উপযোগী করে তুলতে হবে।

ডুলি জানিয়েছেন, অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণও কিছুটা ফিটনেস সমস্যা নিয়ে ক্যাম্পে ফিরেছেন। টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড়দের পুরোপুরি প্রস্তুত করে তোলাই এখন কোচিং স্টাফের অন্যতম চ্যালেঞ্জ।

আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে সাফ চ্যাম্পিয়নশিপ। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। ৫ নভেম্বর রাত ৮টায় ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ডুলির দল। এরপর ১১ নভেম্বর একই সময়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার।

প্রথম ম্যাচে দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে না পেলেও দ্বিতীয় ম্যাচের আগে হামজা ও ফারহানের যোগ দেয়ার সম্ভাবনা বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির। তবে অল্প সময়ের মধ্যে তাদের ম্যাচ খেলার জন্য কতটা প্রস্তুত করা যাবে, সেটিই এখন বড় চ্যালেঞ্জ।

 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়