ফাইল ছবি
জনগণের মেজরিটি ম্যান্ডেট পাওয়া বিএনপি সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হলে এরপর সমালোচনা করবেন। বিরোধী দলের প্রতি এ আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধীদল শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলেও অভিযোগ করেছেন তিনি।
রোববার, (০৯ জুলাই) দুপুরে রংপুরে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় ২৫টি দুস্থ পরিবারের মধ্যে চা-ঘর হস্তান্তর করেন মন্ত্রী।
মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশ গঠনের সুযোগ এসেছে। আওয়ামী লীগ সরকারের আমলে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা, ২০ হাজার মানুষকে হত্যা এবং ১ হাজার ৭০০ মানুষকে গুম করা হয়েছে। তবে বর্তমানে দেশে সেই পরিস্থিতি নেই বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
বিরোধীদলের উদ্দেশে তিনি বলেন, জনগণের মেজরিটি ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হলে তখন কথা বলার সুযোগ আসবে।
দেশের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক বাজারে জাহাজের পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় পণ্যের দাম বেড়েছে। একই সঙ্গে দেশে চলমান গ্যাস সংকট দ্রুত কেটে যাবে বলেও আশ্বাস দেন তিনি।
গণমাধ্যম প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যমে অনেক কিছু লেখা সম্ভব হয়নি। এখন সাংবাদিকরা সবই লিখতে পারছেন।
স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ক্ষমতাকে টাকা বানানোর মেশিন হিসেবে ব্যবহার না করার আহবান জানান।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































