ছবি : আপন দেশ
রাঙামাটির লংগদু উপজেলায় চাঁদা আদায়কালে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ( পিসিজেএসএস) কালেক্টর সুপেন চাকমা (২১) নামে এক যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ( বিজিবি)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার বগাচত্বর ইউনিয়নের মারিশ্যারচর শিবেরআগা নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, রাজনগর ৩৭ বিজিবি জোন কমান্ডারের সার্বিক পরিকল্পনা ও নির্দেশনায় ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক কে এইচ এম গোলাম কিবরিয়ার নের্তৃত্বে শিবের আগা এলাকায় ১ টি সি টাইপ বিশেষ টহল অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন<<>>রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবিতে রাজু ভাস্কর্যে অনশন
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে জেএসএস (মুলপন্থী) কালেক্টর সুপেন চাকমাকে চাঁদার নগদ ১৯ হাজার ১০ টাকা,চাঁদা আদায়ের রশিদ, একটি দেশীয় একনলা সদৃশ বন্দুকসহ আটক করা হয়। তবে এসময় তার আরেক সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয়। বিজিবি জিজ্ঞাসাবাদ শেষে ওইদিন বিকেলে আটক যুবককে লংগদু থানায় তাকে হস্তান্তর করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক যুবক দীর্ঘদিন ধরে এলাকায় কৃষক ও স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কৃষকদের ফসল নষ্ট করা, হুমকি দেয়া এবং কৃষিকাজে বাধা দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকালে এ যুবক আবারও কৃষকদের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করে। এ সময় স্থানীয়রা বিজিবিকে এ বিষয়ে অবহিত করলে বিজিবি ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
লংগদু থানার ওসি (তদন্ত) স্বরজিৎ দে বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে মামলা করা হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































