ছবি: আপন দেশ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবরের মধ্যে তাকে গ্রেফতারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেছেন ‘মঞ্চ-২৪’এর নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৫টা থেকে অনশনে বসেন তারা।
অনশনে মঞ্চ-২৪ এর আহবায়ক ফাহিম ফারুকী বলেছেন, সাহাবুদ্দিন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তিনি আওয়ামী লীগের এক্সটেনশন। আজকে এটাই প্রমাণিত হয়েছে, তিনি শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করে দেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তাই তাকে অপসারণ করে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। কারণ জুলাই গণঅভ্যুত্থানে যেসব মানবতাবিরোধী অপরাধ হয়েছে তার প্রতিটি পৃষ্ঠপোষকতা করেছেন তিনি। তাই আজকে রাতের মধ্যে তাকে গ্রেফতার করতে হবে।
এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন—এমন তথ্য প্রকাশ হয় বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতি কার্যালয় বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি।
আরও পড়ুন<<>>রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, দেশে ফিরছেন স্পিকার
বঙ্গভবনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন,স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে পদত্যাগের কথা জানানো হয়েছে। রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগকে সামনে রেখে অভ্যন্তরীণ প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। তাদের ভাষ্য, শুক্রবার দুপুরে পদত্যাগপত্র স্পিকারের কাছে পাঠানো হতে পারে।
এদিকে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রও জানিয়েছে, দলের উচ্চপর্যায় থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের বার্তা দেয়া হয়েছে।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি দায়িত্ব পালন করতে অপারগ হলে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে।
এ কারণে নতুন রাষ্ট্রপতি নির্বাচনে বিলম্ব হলে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































