ছবি: আপন দেশ
চাঁদপুরের মতলব উত্তরে সাত বছর বয়সি শিশুকে ধর্ষণের মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইবুন্যালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. রেজাউল করিম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. অরুণ ভু্ইঁয়া (৫০) উপজেলার গজরা ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল কাদির ভূঁইয়ার ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ৯ জুলাই বেলা ১১টার দিকে ওই শিশু তার আপন ভাইয়ের সঙ্গে বাড়ির পাশে জমিতে বীজ পাহারা দেয়ার জন্য যায়। কিছু সময় অতিবাহিত হলে তাকে ওই জমির পাশে বসিয়ে রেখে খাবার খেতে যায় ভাই।
এ সুযোগে সেখানে আসামি ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি রক্তাক্ত অবস্থায় তার দাদিকে ঘটনাটি জানায়। কারণ ওই দিন চিকিৎসার জন্য শিশুর বাবা-মা ঢাকায় ছিলেন।
আরও পড়ুন <<>> আদালতে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
ঘটনাটি জানতে পেরে বাড়িতে এসে ১৪ জুলাই শিশুর পিতা মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন মতলব উত্তর থানার এসআই মো. মোবারক আলী আসামিকে গ্রেফতার করে ১৫ জুলাই আদালতে সোপর্দ করেন।
পাশাপাশি তিনি মামলাটি তদন্ত শেষে একই বছর ২০ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।
সরকার পক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা বলেন, আদালতে মামলাটি চলমান অবস্থায় ছয়জনের সাক্ষ্য গ্রহণ করে। মামলার সাক্ষ্য গ্রহণ, আসামি তার অপরাধ স্বীকার করা ও নথিপত্র পর্যালোচনা শেষে আসামির উপস্থিতিতে বিচারক এই রায় দেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রধান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































