আসাদুজ্জামান ববিন
অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডিগ্রীর চর হেফাজউদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান ববিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরিদর্শনের পর তার বিরুদ্ধে বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাবে অনিয়মের বিষয়টি সামনে আসে।
রোববার (১২ জুলাই) তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন। সোমবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার (০৮ জুলাই) ইউএনও শাহ জহুরুল হোসেন বিদ্যালয়টি পরিদর্শন করেন ইউএনও। পরিদর্শনকালে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার সময় বিভিন্ন অসংগতি শনাক্ত করেন। এ সময় প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন এবং সংশ্লিষ্ট বিষয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়। পরিদর্শনের তিন দিনের মাথায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদত্যাগপত্র জমা দেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, আসাদুজ্জামান ববিন বিদ্যালয়ের আইসিটি শিক্ষক। ২০২২ সালে তৎকালীন প্রধান শিক্ষক জিএমএ রহিম অবসরে গেলে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান। এরপর থেকে তিনি ওই দায়িত্ব পালন করে আসছিলেন।
আরও পড়ুন<<>>কোটি টাকা চাঁদা দাবি, না দেয়ায় প্রতিষ্ঠানে ভাঙচুর
পদত্যাগের বিষয়ে আসাদুজ্জামান ববিনের ভাষ্য, দায়িত্ব গ্রহণের পর থেকে আয়-ব্যয়ের হিসাবের খসড়া সংরক্ষণ করা হয়েছিল। তবে চলতি বছরের আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ করা হয়নি। এছাড়া বিদ্যালয়ের নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দেয়া হয়নি। ব্যক্তিগত অসুস্থতার কারণেই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র বলেন, সম্প্রতি ইউএনও বিদ্যালয়টি পরিদর্শনের সময় আয়-ব্যয় সংক্রান্ত বিভিন্ন আর্থিক অনিয়ম শনাক্ত করেন। পরে রোববার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন।
ইউএনও শাহ জহুরুল হোসেন জানান, বিদ্যালয় পরিদর্শনের সময় আয়-ব্যয় সংক্রান্ত কোনো নথিপত্র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেখাতে পারেননি। রোববার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি বিধি অনুযায়ী প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের আর্থিক বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































