Apan Desh | আপন দেশ

পাঁচ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল শুরু

কক্সবাজার প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:০৫, ১২ জুলাই ২০২৬

পাঁচ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল শুরু

ফাইল ছবি

টানা ভারী বৃষ্টিতে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় পাঁচদিন বন্ধ থাকার পর অবশেষে চালু হলো চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ। রোববার (১২ জুলাই) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশন ত্যাগ করে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে। এরমধ্য দিয়ে দীর্ঘ পাঁচদিন পর পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হলো।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটক এক্সপ্রেসের পর পর্যায়ক্রমে চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকা থেকে নির্ধারিত অন্যান্য ট্রেনও একই রুটে যাত্রী পরিবহন করবে।

রেলওয়ে সূত্রে জানা যায়, টানা বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার রুটের ষোলশহর-দোহাজারী সেকশনের জান আলী হাট স্টেশনের পূর্ব পাশে শমসের পাড়া এলাকায় প্রায় ৫০০ মিটার রেলপথ পানিতে তলিয়ে যায়। সেখানে পানির উচ্চতা রেলপথের ওপর সর্বোচ্চ ২১ ইঞ্চি পর্যন্ত পৌঁছায়। অথচ রেলের লোকোমোটিভের ট্রাকশন মোটরের নিরাপদ চলাচলের জন্য সর্বোচ্চ ৪ থেকে ৫ ইঞ্চি পানিতে চলার নির্দেশনা রয়েছে। ফলে গত ০৭ জুলাই থেকে এ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে রেলওয়ে।

আরও পড়ুন<<>>হান্নান মাসউদের ফোনে মাঝনদী থেকে ফিরে এল ফেরি 

রেলওয়ে পূর্বাঞ্চলের উপ-পরিচালক (জনসংযোগ) মো. হারুনুর রশিদ জানান, পানির স্তর কমে আসার পাশাপাশি জরুরি প্রকৌশলগত ব্যবস্থা গ্রহণের ফলে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে রেললাইন। শনিবার (১১ জুলাই) রাত পর্যন্ত নিচু অংশে প্রায় ৪ ইঞ্চি পানি থাকলেও লাইন লিফটিংয়ের মাধ্যমে মধ্যরাতে রেললাইনকে পানির স্তর থেকে অন্তত ১০ ইঞ্চি ওপরে উন্নীত করা হয়। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রোববার থেকে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়।

তবে শনিবার দিবাগত রাত ও রোববার সকালে নতুন করে ভারী বৃষ্টিপাতের কারণে সকালের কক্সবাজারমুখী সৈকত এক্সপ্রেস নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেনি। এরপর পরিস্থিতির উন্নতি হলে পর্যটক এক্সপ্রেসকে প্রথম ট্রেন হিসেবে কক্সবাজারের উদ্দেশে যাত্রার অনুমতি দেয়া হয়।

এর আগে, গত ০৭ জুলাই রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস এবং কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী প্রবাল এক্সপ্রেস মাঝপথে আটকা পড়ে। পর্যটক এক্সপ্রেসের কক্সবাজারগামী অংশের যাত্রা বাতিল করা হয় এবং প্রবাল এক্সপ্রেস জান আলী হাট স্টেশন পর্যন্ত যাত্রা শেষ করে। বাতিল হওয়া অংশের টিকিটের অর্থ যাত্রীদের ফেরত দিচ্ছে রেলওয়ে।

দীর্ঘ পাঁচদিনের স্থবিরতার পর ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রী ও পর্যটন সংশ্লিষ্টদের মধ্যে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়