Apan Desh | আপন দেশ

মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:২৫, ২৭ জুন ২০২৬

মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ছবি : আপন দেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৬ শিশু ভর্তি হয়েছে।

এ নিয়ে চলতি বছর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৫৮ শিশু মারা গেছে। 

মমেক হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, মৃত ৪ শিশুর মধ্যে দুইজন ছেলে ও দুইজন মেয়ে। গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে ১৬ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯ শিশু। বর্তমানে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ৯৪ শিশু।

তাদের একজন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাপলা বাজার এলাকার ৪ মাস বয়সী কন্যাশিশু। গত ১৮ জুন বিকেল ৩টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৬ জুন দুপুর ১২টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, সন্দেহজনক হাম ও নিউমোনিয়া।

অপরজন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সিধলী ইউনিয়নের মাইশাচর এলাকার চার মাস বয়সী ছেলে শিশু। গত ১৬ জুন বিকেল ৪টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৬ জুন বিকেল ৩টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : হবিগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২ হাজার ৩৭৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ২২৬ শিশু। এ সময়ে মোট ৫৮ শিশুর মৃত্যু হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement