Apan Desh | আপন দেশ

আর্জেন্টিনার ১২০ হাত পতাকা ছেঁড়ার অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩৪, ১৪ জুন ২০২৬

আর্জেন্টিনার ১২০ হাত পতাকা ছেঁড়ার অভিযোগ

ছবি: আপন দেশ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় ১২০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা স্থাপন করেছে ভক্তরা। উপজেলার শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ পতাকা স্থাপন করা হয়। তবে এ পতাকা ছিঁড়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (০৯ জুন) ভোরে পতাকা ছিঁড়ার ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় আর্জেন্টিনা সমর্থকদের দাবি, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দীর্ঘদিনের আবেগ ও ভালোবাসার প্রতীক হিসেবে পতাকাটি স্থাপন করা হয়েছিল। এলাকার ক্রীড়াপ্রেমী তরুণদের উদ্যোগে তৈরি ও টানানো এ বিশাল পতাকাটি স্থানীয়দের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল।

মঙ্গলবার সকালে স্থানীয়রা পতাকাটি ছেঁড়া অবস্থায় দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। আর্জেন্টিনা সমর্থকদের অভিযোগ, এটি শুধু একটি পতাকা নয়, বরং তাদের আবেগ ও ভালোবাসার প্রতীক। পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে তারা মনে করছেন।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এ কর্মকাণ্ডকে নিন্দনীয় ও দুঃখজনক উল্লেখ করে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন <<>> জার্মানির ওষুধে সুস্থ, ৭ কিমি পতাকা বানালেন কৃষক

স্থানীয় আর্জেন্টিনা এক সমর্থক বলেন, আমরা খেলাধুলাকে ভালোবাসি এবং সে ভালোবাসা থেকেই পতাকাটি টানিয়েছিলাম। কেউ যদি এটি ছিঁড়ে ফেলে থাকে, তাহলে তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় কাজ।

আর্জেন্টিনা ফ্যানস ক্লাব সুনামগঞ্জ এর এডমিন সৈয়দ রায়হান বলেন, বিশ্বকাপে নিজেদের পছন্দের দলকে সাপোর্ট করা যার যার ব্যাক্তিগত ব্যাপার৷ এখানে আমাদের সমর্থন করা দলের পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে। এটা খুব দুঃখজনক।  আমরা চাই সবাই যাতে অসুস্থ সমর্থক না হই। সবাইকে আহবান জানাবো এমন কাজ যাতে ভবিষ্যতে না করেন।

এলাকার সচেতন মহলও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। তারা বলেন, খেলাধুলা ও সমর্থনের সংস্কৃতিকে সম্মান জানানো উচিত। এ ধরনের ঘটনা সামাজিক সম্প্রীতির জন্যও নেতিবাচক বার্তা বহন করে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়