ছবি: আপন দেশ
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের হামলায় বারুইপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. বাদল মোড়ল (৩৫) নিহত হয়েছেন। এসময় আব্দুল্লাহ মোড়ল নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (০৯ জুন) রাতে উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।
এ ঘটনায় বুধবার (১০ জুন) সকালে বারুইপাড়া বাজারে বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। মিছিলে জেলা ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা অংশ নেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা এ ঘটনা জন্য জামায়েত ইসলামকে দায়ী করে।
নিহত মো. বাদল মোড়ল বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ছিলেন। তিনি আড়পাড়া গ্রামের জাফর মোড়লের ছেলে। গুরুতর আহত আব্দুল্লাহ মোড়ল বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং নুর মোহাম্মদ মোড়লের ছেলে।
আরও পড়ুন<<>>সীমান্তে সাড়ে ৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল নিয়তির মাঠ এলাকায় অবস্থানকালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই বাদল মোড়লের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ মোড়লকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ফকিরহাট থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অভ্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































