Apan Desh | আপন দেশ

কেশবপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৬, ৮ জুন ২০২৬

কেশবপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

ছবি: আপন দেশ

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক ও কৃষাণী অংশগ্রহণে কেশবপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস হয়েছে। পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার সম্প্রসারণে কৃষকদের আরও দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই এর মূল লক্ষ্য।

সোমবার (০৮ জুন) কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদফতরের বাস্তবায়নে এবং প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস হয়েছে।  

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্ল্যাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেশকাতুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতর যশোরের উপ-পরিচালক মো. মোশাররফ হোসেন, কেশবপুর থানার ওসি রোকসানা খাতুন প্রমুখ। 

আরও পড়ুন<<>>দেশে ফিরেছে ভারতে আটক থাকা ৯১ জেলে

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, দেশের টেকসই কৃষি উন্নয়নে পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। কৃষিকে লাভজনক ও যুগোপযোগী খাতে রূপান্তরের লক্ষ্যে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব সুযোগ কাজে লাগিয়ে কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে আরও মনোযোগী হতে হবে।

তিনি আরও বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টিবান্ধব উৎপাদন ব্যবস্থা এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে বাস্তবমুখী প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জন করছেন, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে। 

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, প্রকল্পটির মূল লক্ষ্য কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টিকর ফসল উৎপাদন, কৃষিভিত্তিক উদ্যোক্তা গড়ে তোলা এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা সম্প্রসারণ। পার্টনার ফিল্ড স্কুল কার্যক্রমের মাধ্যমে কৃষকরা হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন। আধুনিক প্রযুক্তি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করছেন। পরিবেশবান্ধব কৃষি চর্চা একদিকে যেমন উৎপাদন ব্যয় কমায়, অন্যদিকে মাটির উর্বরতা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব প্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছে দিতে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী কৃষক ও কৃষাণীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও আয় উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়