Apan Desh | আপন দেশ

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২৪

নোয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:০৩, ৬ জুন ২০২৬

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২৪

ছবি: আপন দেশ

নোয়াখালীর সদর উপজেলায়  বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। এ ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের ২৪ নেতাকর্মিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তবে পুলিশের দাবি, তাদের মধ্যে নয়জন যুবলীগ এবং ১৫ জন ছাত্রলীগ নেতা রয়েছে।

শনিবার (০৬ জুন) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার  ওসি মো.তৌহিদুল ইসলাম। তিনি জানান, শুক্রবার দিবাগত রাতে উপজেলার এওজবালিয়া, কালাদরাপ ও নোয়াখালী পৌরসভা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (০৫ জুন) বিকেল ৪টার দিকে সদর উপজেলার বাঁধেরহাট বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মিরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা মব সন্ত্রাস ও চাঁদাবাজবিরোধী বিভিন্ন স্লোগান দেন। মিছিল চলাকালে বাজার এলাকায় কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত থাকলেও মিছিলকারীর সংখ্যা বেশি হওয়ায় তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ঘটনাটি জেলায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। 

আরও পড়ুন<<>>সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের  

স্থানীয়দের ভাষ্যমতে, নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল করিম ওরফে বাবুর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিকেলের কর্মসূচির আগে দুপুর থেকেই সংগঠনটির প্রায় হাজার খানেক নেতাকর্মি বাঁধেরহাট বাজার এলাকায় জড়ো হতে শুরু করেন।

ওসি মো.তৌহিদুল ইসলাম আরও বলেন, মিছিলের সম্ভাব্য তথ্য পাওয়ার পর আগেই বাঁধেরহাট বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছিল। নির্ধারিত স্থানে কর্মসূচি পালন করতে না পেরে তারা বাজারের বাইরে মিছিল করে। ঘটনার পরপরই রাতভর অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়