Apan Desh | আপন দেশ

১৪৪ ধারা উপেক্ষা করে হামলা-ভাঙচুর

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:১৮, ৫ জুন ২০২৬

আপডেট: ১৬:১৯, ৫ জুন ২০২৬

১৪৪ ধারা উপেক্ষা করে হামলা-ভাঙচুর

ছবি: আপন দেশ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোলপেচা ও ভূঞাপুর উপজেলার জগৎকুড়া গ্রামের সংঘর্ষের ঘটনায় জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে আবারও হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনা ঘটেছে।

শুক্রবার (০৫ জুন) সকাল ৯টা থেকে ১০টার মধ্যে নলীন বাজার ও জগৎকুড়া এলাকায় নতুন করে হামলার ঘটনা ঘটে। এতে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে বৃহস্পতিবার (০৪ জুন) বিকেলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রায় চার ঘণ্টাব্যাপী সংঘর্ষে জগৎকুড়া গ্রামের বাসিন্দা কালাম তালুকদার (৬৫) নিহত হন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষ চলাকালে ১১টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি গরু-বাছুর, গোলার ধান ও বিভিন্ন গৃহস্থালি মালামাল লুটপাটের অভিযোগও উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার রাতে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় মাইকিং করে লোকজনকে অস্ত্রসহ নলীন বাজারে জড়ো হওয়ার আহবান জানানো হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন <<>> টাঙ্গাইলে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন শুক্রবার সকাল ৬টা থেকে এলাকায় ১৪৪ ধারা জারি করে। তবে স্থানীয়দের দাবি, ওই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরও নতুন করে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান জানান, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

অন্যদিকে গোপালপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়