Apan Desh | আপন দেশ

পুলিশ পরিচয়ে প্রতারণা, প্রতারক আটক

নওগাঁ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:১৬, ৩ জুন ২০২৬

পুলিশ পরিচয়ে প্রতারণা, প্রতারক আটক

ছবি: আপন দেশ

পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতার পরিচয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন এবং বিভিন্ন মোবাইল অপারেটরের মোট ৩৮টি সিম কার্ড জব্দ করা হয়।

পুলিশ জানায়, গত ২৫ মে এক অজ্ঞাত ব্যক্তি নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে এক হোমিওপ্যাথিক ওষুধ ব্যবসায়ীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করে। তিনি ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে বলেন, তার ওষুধ সেবন করে এক শিশু মারা গেছে। মামলা এড়াতে হলে ৫ লাখ টাকা দিতে হবে। মামলার ভয়ে ওই ব্যবসায়ী নগদ অ্যাকাউন্টে ২০ হাজার ৩০০ টাকা পাঠিয়ে দেন। এরপর একই ব্যক্তি ৩০ মে  নিজেকে সিআইডির এসপি জাহিদ পরিচয় দিয়ে আরেক ‘বিকাশ ও নগদ’ ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে জানায়,  ওই দোকান থেকে অনলাইন জুয়ার লেনদেন পরিচালিত হচ্ছে। মামলা থেকে রেহাই পেতে ৪০ হাজার টাকা দিতে হবে। 

আরও পড়ুন<<>>মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আবারও গণঅভ্যুত্থান হবে: ইশরাক

এ ধরনের প্রতারণার একাধিক অভিযোগ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর কাছে পৌঁছালে তিনি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন। তাৎক্ষণিকভাবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং পুলিশ সুপারের আইসিটি শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

পুলিশ সুপারের নির্দেশনায় তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ডিবি পুলিশের একটি বিশেষ টিম অভিযানে নামে। দীর্ঘ অনুসন্ধান ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে প্রতারকের অবস্থান শনাক্ত করা হয়।

অবশেষে মঙ্গলবার (০২ জুন) রাতে বগুড়া জেলার আদমদীঘি থানার নামাপোওতা গ্রামের বাসিন্দা মো. নাইম হোসেন (২৮)-কে সান্তাহার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন, ৩টি সক্রিয় সিমসহ বিভিন্ন কোম্পানির মোট ৩৮টি সিম কার্ড জব্দ করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নাইম হোসেন স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে নিজেকে কখনো পুলিশ সুপার, কখনো ওসি, কখনো ডিসি এবং কখনো রাজনৈতিক নেতার পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করেন। তার প্রতারণার শিকার হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। একই সঙ্গে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সাধারণ জনগণকে আহবান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, সরকারি কর্মকর্তা পরিচয়ে কেউ অর্থ দাবি করলে বা ভয়ভীতি প্রদর্শন করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় অথবা পুলিশ হেল্পলাইনে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ রইলো।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়