Apan Desh | আপন দেশ

‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী স্থগিতের প্রতিবাদে মানববন্ধন করবেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:০৫, ১ জুন ২০২৬

আপডেট: ১৫:০৬, ১ জুন ২০২৬

‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী স্থগিতের প্রতিবাদে মানববন্ধন করবেন রুমিন ফারহানা

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’–এর প্রদর্শনী স্থগিত হওয়ার ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থগিতের ঘটনার প্রতিবাদে মানববন্ধনের ডাক দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (০১ জুন) বিকেল ৪টা ১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর ইউনিয়নে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন রুমিন ফারহানা। এক পোস্টে তিনি লেখেন, উপস্থিত থাকবো আমি রুমিন ফারহানা।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি নির্মাতা তানিম নূর পরিচালিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এর একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিল। তবে কওমি ছাত্র ঐক্য পরিষদের কিছু শিক্ষার্থীর আপত্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলা প্রচারণার মুখে প্রদর্শনীটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় আয়োজকরা।

আরও পড়ুন<<>> বাধারমুখে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী স্থগিত

ঘটনাটি প্রকাশ্যে আসার পর শিল্প-সংস্কৃতি অঙ্গনের অনেকেই উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত একটি চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ করে দেয়ার চেষ্টা সাংস্কৃতিক চর্চার জন্য উদ্বেগজনক।

এ বিষয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন চলচ্চিত্রটির নির্মাতা ও প্রযোজক তানিম নূরও।

তিনি বলেন, তারা আমার ছবির পোস্টারে ক্রস চিহ্ন দিয়ে প্রচার করছে, উগ্রবাদী কথাবার্তা বলছে। এটা তো তারা করতে পারে না। ভয়ংকর ব্যাপার, এটা পুরোপুরি বেআইনি। কেউ যদি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সনদ পাওয়া কোনো ছবি নিষিদ্ধের কথা বলে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া উচিত।

ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি দীর্ঘদিন ধরে ‘ভাতঘুমের সিনেমা আড্ডা’ শিরোনামে চলচ্চিত্র প্রদর্শন ও আলোচনা আয়োজন করে আসছে। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা সংগঠনটির সঙ্গে যুক্ত।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বিবেচনায় আপাতত ‘বনলতা এক্সপ্রেস’–এর প্রদর্শনী স্থগিত রাখা হয়েছে। তবে বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক ও আলোচনা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ও শুক্রবার থেকে কওমি ছাত্র ঐক্য পরিষদের কিছু শিক্ষার্থী ফেসবুকে চলচ্চিত্রটির প্রদর্শনীর বিরোধিতা করে বিভিন্ন পোস্ট দিতে শুরু করেন। এরপরই আয়োজকদের পক্ষ থেকে প্রদর্শনী স্থগিতের সিদ্ধান্ত আসে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়