Apan Desh | আপন দেশ

এনসিপির আয়ের প্রধান উৎস চাঁদাবাজি: রাশেদ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৪, ২৭ মে ২০২৬

এনসিপির আয়ের প্রধান উৎস চাঁদাবাজি: রাশেদ

বিএনপি নেতা রাশেদ খাঁন


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়ের প্রধান উৎস চাঁদাবাজি বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। 

বুধবার (২৭ মে) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে তার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, এ্যানি ভাই (পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী) কোরবানি দিচ্ছেন, এটা নিয়ে এনসিপির নেতারা প্রশ্ন তুলছেন। কিন্তু আপনারা রূপায়ণে একটি অফিস নিয়ে লাখ লাখ টাকা ভাড়া দিচ্ছেন, সে টাকা কোথায় পাচ্ছেন? নাসীরুদ্দীন পাটওয়ারী গাড়িতে ঘুরে বেড়ায়। সঙ্গে প্রটোকল নিয়ে যায়। সে টাকা কোথায় পায়? সারজিস আলম, নাহিদ ইসলামের আয়ের উৎস কোথায়?’

এনসিপি নেতাদের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, মার্কিন বাণিজ্য চুক্তিতে বিএনপি বা জামায়াতের কোনো হাত নেই। এ চুক্তি এনসিপি করিয়েছে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করে গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে আসা রাশেদ খাঁন বলেন, রাজনৈতিক শিষ্টাচার ভুলে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী অমানুষের মতো আজেবাজে কথা বলছে। 

আরও পড়ুন<<>>সার্বিক পরিস্থিতি সন্তোষজনক, দাবি সড়ক পরিবহন মন্ত্রীর

বিএনপির কেউ হামলা করেনি দাবি করে রাশেদ খাঁন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপরে ছাত্রদলের কেউ হামলা করেনি। ঝিনাইদহ সফরকালে সে নিজেই অস্ত্রধারী ক্যাডার নিয়ে এসেছিল। নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের যেখানে যাবে, তাকে আরও হেনস্তার শিকার হতে হবে। বিএনপি নয়, সাধারণ জনগণ নাসীরুদ্দীন পাটওয়ারীকে শায়েস্তা করবে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, জামায়াত কখনোই দেশের ক্ষমতায় আসতে পারবে না। তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি। জামায়াত সব সময় অগণতান্ত্রিক ও স্বৈরাচার সরকারের দোসর হিসেবে কাজ করেছে। আজ তারা বিএনপি সরকারকে পতনের ভয় দেখায়। জামায়াত-এনসিপি মিলে ষড়যন্ত্র শুরু করেছে। এ অপশক্তিকে আর দেশের মানুষ গ্রহণ করবে না।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান, উপজেলা বিএনপির সাবেক নেতা তবিবুর রহমান, এস এম সামছুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়