ছবি : আপন দেশ
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা থেকে রাজধানী অভিমুখে আসা পশুবাহী ট্রাকের চাপ বাড়ছে রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে।
সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় এ ঘাট দিয়ে পদ্মা পার হয়েছে ৪২৩টি পশুবাহী ট্রাক।
শুক্রবার (২২ মে) সকাল ৯টার দিকে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘ঈদ যাত্রা ও পশুবাহী ট্রাক পারাপার নির্বিঘ্ন করতে কাজ করা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে পশুবাহী ট্রাকগুলোকে ফেরিতে উঠানো হচ্ছে। ঘাটে পর্যাপ্ত ফেরি সচল থাকায় সিরিয়ালে বা কোথাও দাঁড়াতে হচ্ছে না। শুধুমাত্র ফেরি লোড হতে যা সময় লাগছে। এ ঘাট দিয়ে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৩৫ যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে পশুবাহী ট্রাক ৪২৩টি। ঈদের দিন যত ঘনিয়ে আসবে ততই রাজধানী অভিমূখে পশুবাহী ট্রাকের চাপ বাড়বে বলে ধারণা করছেন। তবে ঘরমূখো যানবাহন ও যাত্রী পারাপারেও প্রস্তুত রয়েছি।’
আরও পড়ুন : রাশিয়ার পক্ষে যুদ্ধে গিয়ে বাংলাদেশি যুবক নিহত
রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, ‘পশুবাহী গাড়িগুলোকে পুলিশ বা কেউ সড়কে যেন না আটকায় সে নির্দেশনা দেয়া আছে। কোথাও অভিযোগ পেলে রাজবাড়ী জেলা ও হাইওয়ে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































