Apan Desh | আপন দেশ

ফারাক্কা বাংলাদেশের মতো ভারতের জন্যও অভিশাপ: গোলাম মোস্তফা

রংপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৮, ১৬ মে ২০২৬

ফারাক্কা বাংলাদেশের মতো ভারতের জন্যও অভিশাপ: গোলাম মোস্তফা

ছবি: আপন দেশ

বাংলাদেশ ন্যাপ মহাসচিব ও ভিসিসি চেয়ারম্যান এম. গোলাম মোস্তফা ভুইয়া জানিয়েছেন, বাংলাদেশের জন্য ফারাক্কা বাঁধ অভিশাপ। তবে এখন বাংলাদেশের মতো ভারতের জন্যও এ বাঁধ অভিশাপে পরিনত হয়েছে।

শনিবার (১৬ মে) ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবসের ৫০তম বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভয়েস অব কনসাস সিটিজেন (ভসিসি)-রংপুর, আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।

গোলাম মোস্তফা বলেন, বাংলাদেশের পানির অধিকার নিয়ে বিগত পাঁচ দশকে ফারাক্কা নিয়ে ভারতের অনড় অবস্থানে বিশেষ পরিবর্তন হয়নি। তবে, ফারাক্কার কারণে বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্থ হয়েছে এবং হচ্ছে ভারতও এখন ক্ষতিগ্রস্থ হচ্ছে। ফলে ভারতেও ফারাক্কার বিরুদ্ধে জনমত জোরালো হচ্ছে।

তিরি বলেন, কলকাতা বন্দরের নাব্যতা ঠিক রাখা এবং ভাগীরথী ও গঙ্গা নদীর পানির প্রবাহ যাতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে ১৯৬১ সালে ফারাক্কা ব্যারাজ তৈরির সিদ্ধান্ত নেয় ভারত সরকার। ফারাক্কা ব্যারাজ চালুর পর থেকে মালদহ ও মুর্শিদাবাদে নদীভাঙনের মাত্রা জ্যামিতিক হারে বাড়তে থাকে। আশির দশকের ছোটখাটো ভাঙন নব্বইয়ের দশকে এসে মারাত্মক রূপ নিতে থাকে। ১৯৯০-০১ সালের মাঝামাঝি সময়ে বেশ কিছু ইউনিয়ন নদীভাঙনে বিলীন হয়ে গেছে।

তিনি আরও বলেন, বহুদিন ধরেই মালদহ-মুর্শিদাবাদ জেলার গঙ্গা তীরবর্তী দুর্ভোগ ও বিপর্যয়কবলিত মানুষ ফারাক্কা ব্যারাজের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের জন্যও ফারাক্কা ব্যারাজ বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সে সঙ্গে পার্শ্ববর্তী বিহারও ফারাক্কার কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। বিহার রাজ্য সরকারের দাবি, ফারাক্কার কারণেই এ ক্ষয়ক্ষতি হয়েছে। এর কারণে প্রায় প্রতিবছরই বিহার বন্যা ও নদীভাঙনের শিকার হচ্ছে।

আরও পড়ুন <<>>কেশবপুরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন 

গোলাম মোস্তফা বলেন, ফারাক্কার বিরুপ প্রভাবের এ বিষয়টি মওলানা ভাসানী তখনই উপলব্ধি করতে পেরেছিলেন। আর এ কারণেই তিনি জাতীয় স্বার্থে ফারাক্কার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। বাংলাদেশের সরকারগুলো সকল সময়ই পানি ব্যবস্থাপনার বিষয়ে উদাসীন। ভারত বাংলাদেশকে কখনও পানির ন্যায্য হিস্যা দেবে না এ কথা মাথায় রেখেই বাংলাদেশকে তার পানি ব্যবস্থাপনার পরিকল্পনা করতে হবে। এ বিষয়ে উদাসীন থাকলে দেশ বিপদের সম্মুখীন হবে। মনে রাখতে হবে আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়েই অধিকার আদায় করতে হয়, সে পথ আমাদের দেখিয়ে গেছেন চিরপ্রতিবাদী মজলুম জননেতা মওলানা ভাসানী। 

বাংলাদেশ ন্যাপ মহাসচিব ও ভিসিসি চেয়ারম্যান এম. গোলাম মোস্তফা ভুইয়ার সভাপতিত্বে এ মানববন্ধন হয়। সংগঠনের নির্বাহী পরিচালক ও এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা'র পরিচালনায় বক্তব্য রাখেন দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক অশোক ধর, বিশিষ্ট সংগঠক মহিউদ্দিন আহমেদ, আরজেএফ চেয়ারম্যান জহিরুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন ফ্যাসীবাদ প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ অলিদ সিদ্দিক তালুকদার,  বাংলাদেশ ন্যাপ যুগ্ম মহাসচিব মিতা রহমান, কৃষি ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এএফএম শরীফুল আলম, সংগঠনের পরিচালক মো. জাহিদুল ইসলাম প্রমুখ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement