অনিমেষ চাকমা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন জেলা বিএনপির বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা (রিংকু)। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় রিংকু। এর আগেও তিনি জেলা পরিষদের সদস্য হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান খাগড়াছড়ি সফরকালে অনিমেষ চাকমাকে জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নিয়োগের দাবি ওঠে। জনগণের পক্ষ হতে ওঠা দাবিকে গুরুত্ব দেন মন্ত্রী দীপেন দেওয়ান। এরপর থেকেই জেলাজুড়ে রাজনৈতিক মহলে তাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
আরও পড়ুন<<>>হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ
অনিমেষ চাকমা খাগড়াছড়ি সদরের পানখাইয়া পাড়ার বাসিন্দা। তার পিতা অরুণ চন্দ্র চাকমা এবং মাতা বনমালা চাকমা। ১৯৯৯ সালে চট্টগ্রামের রাউজানস্থ গহিরা ডিগ্রি কলেজ থেকে বিএ পাস করার পর ২০০১ সালে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন। তিনি ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পানছড়ি উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ছিলেন। এছাড়াও জেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পর ২০১৯ সাল থেকে বর্তমানে জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনীতির পাশাপাশি তিনি মৈত্রি এগ্রো ফার্মের উদ্যোক্তা, খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমবায় সমিতির প্রতিষ্ঠাতা। থানা চন্দ্রপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্যও।
রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে মোট ৮টি মামলা দায়ের হয়েছিল, যার সবগুলো থেকেই তিনি খালাস পেয়েছেন। ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে ঐতিহাসিক মহাসমাবেশ এবং ২৯ জুলাই মাতুয়াইলে সড়ক অবরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ উল্লেখযোগ্য।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































