Apan Desh | আপন দেশ

নওগাঁর মান্দায় দেশীয় মদসহ দুই নারী আটক

নওগাঁ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪১, ১০ মে ২০২৬

নওগাঁর মান্দায় দেশীয় মদসহ দুই নারী আটক

ছবি : আপন দেশ

নওগাঁর মান্দায় ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (০৯ মে) রাত সাড়ে ৯টায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চক সাবাই গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চক সাবাই গ্রামের সুমন কুমার প্রামাণিকের স্ত্রী শ্রীমতি শিমলা রানী (১৯) এবং রণজিত কুমার প্রামাণিকের স্ত্রী শ্রীমতি সিমা (২৬)। এ ঘটনায় সুমন কুমার প্রামাণিক ও সন্তোষ কুমার প্রামাণিক নামে আরও দুই আসামি বর্তমানে পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার এসআই (নি.) আশীষ কুমার সান্যালের নেতৃত্বে পুলিশের একটি দল দেলুয়াবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তারা জানতে পারেন, চক সাবাই গ্রামে সুমন কুমারের বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি চোলাই মদ কেনাবেচা করছে। সংবাদ পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে দুই নারীকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে আরও দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে নারী কনস্টেবলের সহায়তায় ঘর তল্লাশি করে একটি সিলভারের পাতিল ও ৪০টি প্লাস্টিকের বোতলে রক্ষিত মোট ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১২ হাজার টাকা। 

আরও পড়ুন<<>>আগাছা নাশক স্প্রে করায় বালিয়াকান্দিতে ৩২ কৃষকের পাটক্ষেত নষ্ট

মান্দা থানার এসআই আশীষ কুমার সান্যাল জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক উৎপাদন ও বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়