ছবি : সংগৃহীত
রাশিয়া–ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন কিশোরগঞ্জের তরুণ রিয়াদ রশিদ। ইউক্রেন সীমান্তে রাশিয়ার পক্ষে যুদ্ধ করার সময় ড্রোন হামলায় নিহত হন তিনি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ২ মে সংঘটিত ওই হামলায় রিয়াদসহ দুই বাংলাদেশি ও এক নাইজেরীয় নাগরিক নিহত হন। আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (০৮ মে) রিয়াদের মৃত্যুর খবরে তার এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।
নিহত রিয়াদ রশিদ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা। তিনি আব্দুর রশিদের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, ২০২৪ সালের ৮ ডিসেম্বর চাকরির উদ্দেশে প্রায় ১০ লাখ টাকা খরচ করে রাশিয়ায় যান রিয়াদ। সেখানে চায়নাসিনোপিক নামের একটি প্রতিষ্ঠানে দুই বছরের চুক্তিতে কাজ শুরু করেন। পরে চলতি বছরের ৭ এপ্রিল রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন তিনি।
রিয়াদের চাচাত ভাই জহিরুল ইসলাম জানান, পাঁচ ভাইবোনের মধ্যে চতুর্থ ছিলেন রিয়াদ। সেনাবাহিনীতে যোগ দেয়ার পর তাকে ‘লাল পাসপোর্ট’ দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল বলে তিনি পরিবারকে জানিয়েছিলেন। তার ব্যাচ নম্বর ছিল ৭৩৫।
ছোট ভাই আলতাফ রশিদ বলেন, রিয়াদ জানিয়েছিলেন তাদের সব কাগজপত্র রুশ সরকারের কাছে জমা দেয়া হয়েছে এবং কয়েক মাসের মধ্যেই পরিবারের সদস্যদের রাশিয়ায় নেয়ার পরিকল্পনাও ছিল।
আরও পড়ুন<<>> আদালতকে বৃদ্ধাঙ্গুলি, ২৪ ঘণ্টায় ফের চালু অবৈধ ইটভাটা
পরিবারের সঙ্গে রিয়াদের শেষ কথা হয় গত ২৮ এপ্রিল। এরপর ২৯ এপ্রিল রাত পর্যন্ত তাকে ম্যাসেঞ্জারে অনলাইনে দেখা যায়। একই ক্যাম্পে থাকা সহকর্মী লিমন দত্ত পরিবারকে জানান, ড্রোন হামলায় রিয়াদের শরীর পুড়ে যায়।
রিয়াদের বাবা, জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রশিদ, ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন।
আব্দুর রশিদ বলেন, সেনাবাহিনীতে যোগ দেয়ার বিষয়টি ছেলে তাকে জানায়নি। জানলে কখনোই যেতে দিতেন না। ছেলের মরদেহও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি।
জাফরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম বলেন, ঘটনাটি জানার পর তিনি পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং সরকারি সহায়তার সুযোগ থাকলে ব্যবস্থা নেয়ার চেষ্টা করবেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবির জানিয়েছেন, পুলিশ রিয়াদের বাড়িতে গিয়ে পরিবারের কাছ থেকে তার মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































