ছবি: আপন দেশ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক মাদরাসা ছাত্রীকে (১৪) শ্লীলতাহানির অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক মুফতি আবুল খায়েরকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে জেলা শহর মাইজদী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবুল খায়ের সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যবাগ্যা গ্রামের আবুল বারেকের ছেলে। তিনি একই ইউনিয়নের দারুল আরকাম ইসলামিয়া মাদরাসার প্রধান শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিল ওই ছাত্রী। এ কারণে গত ০৫ ফেব্রুয়ারি তার দাদি চিকিৎসার জন্য তাকে মাদরাসার প্রধান শিক্ষক আবুল খায়েরের কাছে নিয়ে যান। ওই সময় কবিরাজি চিকিৎসার কথা বলে কৌশলে ছাত্রীর দাদিকে বাইরে পাঠিয়ে একপর্যায়ে শিক্ষক তাকে শ্লীলতাহানি করেন। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাস দেয়ায় পরিবারের পক্ষ থেকে মামলা করতে বিলম্ব হয়। তবে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা না নেয়ায় গত ১৫ এপ্রিল ভিকটিমের পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরবর্তীতে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ।
আরও পড়ুন<<>>জামালপুরে ধর্ষণ মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
এদিকে মামলা দায়েরের পর ভিকটিমের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি ভিডিও ফুটেজ দেখে ইতোমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে প্রধান অভিযুক্ত শিক্ষক এতদিন আত্মগোপনে ছিলেন।
চরজব্বর থানার ওসি লুৎফুর রহমান বলেন, ভিকটিমের বাবা বাদী হয়ে শ্লীলতাহানির ঘটনায় একটি মামলা দায়ের করেছেন। এছাড়া ভিকটিমের বাড়িতে হামলার ঘটনায় তার মা বাদী হয়ে আরও একটি মামলা করেছেন। গ্রেফতারকৃত আবুল খায়েরকে দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার (০৮ মে) তাকে আদালতে সোপর্দ করা হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































