ছবি: আপন দেশ
এ সমস্ত ঘটনা ঘটিয়ে যারা আমাদের ভয় পাইয়ে দেবে বা কষ্ট পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি। এ ধরনের হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না -এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও নুসরাত তাবাসসুম এমপি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নুসরাত তাবাসসুম বলেন, ঘটনাটি দেখতে পেট্রলবোমা হামলার মতো মনে হচ্ছে। তবে বিষয়টি তদন্তসাপেক্ষ। তিনি বলেন, দাবি-দাওয়া নিয়ে রাজপথে আগেও ছিলাম, পরবর্তী সময়েও থাকব। এ ধরনের হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।
সংবাদ সম্মেলনে নুসরাত জানান, গত ২৮ অক্টোবর রাতে একটি স্প্যাম নম্বর থেকে তাকে হুমকি দিয়ে ফোন করা হয়। এর আগে ও পরেও তিনি আরও কয়েকটি হুমকিমূলক ফোন পান। গত মঙ্গলবার পুরো ঘটনা উল্লেখ করে ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার পরও তার কাছে বেশ কয়েকটি হুমকি এসেছে বলে দাবি করেন তিনি।
নুসরাতের ভাষ্য, হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়। যা তার কাছে হুমকি বলে মনে হয়েছে।
ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, সিসিটিভি ফুটেজের সময় অনুযায়ী রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে তার বাড়িতে পরপর চারটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধরন দেখে পেট্রলবোমা হামলা বলে মনে হলেও তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলতে চান না তিনি।
বাড়িটি পরিত্যক্ত বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে প্রচার করা হচ্ছে উল্লেখ করে নুসরাত বলেন, বাড়িটিতে একটি অসহায় পরিবার পাঁচ-ছয় বছর ধরে বসবাস করছে। পরিবারটি তাদের বাড়ির দেখাশোনা করত এবং তাদের পরিবারেরই অংশ হয়ে উঠেছিল।
তিনি আরও বলেন, এ বাড়িতেই তার বেড়ে ওঠা। তার ছোট ভাইও এখানে বড় হয়েছেন। তার বাবা-মা এ বাড়িতেই সংসার করেছেন। বাড়িটি তার দাদার তৈরি করা বসতবাড়ি। সেখানে গবাদিপশুর খামার ছিল এবং আত্মীয়স্বজনও থাকতেন। আগুনে বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কয়েকটি গবাদিপশু মারা গেছে এবং ওই পরিবারের একটি শিশু আহত হয়েছে বলে জানান তিনি।
পুলিশের ভূমিকা নিয়ে নুসরাত বলেন, খবর দেয়ার পর পুলিশ আনুমানিক রাত ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। তার অভিযোগ, ঘটনার প্রায় ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও তখনো আলামত সংগ্রহ করা হয়নি। দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিসের কেন্দ্র না থাকায় কর্মীরা পৌঁছানোর আগেই বাড়ির বেশির ভাগ অংশ পুড়ে যায় বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন<<>>এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত আলামত সংগ্রহ ও তদন্তের আহবান জানিয়ে তিনি বলেন, কারা এ ঘটনার পেছনে রয়েছে, তা দ্রুত বের করতে হবে। তার হাতে এ বিষয়ে যথেষ্ট প্রমাণ ও আলামত রয়েছে বলেও দাবি করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নুসরাত বলেন, এমপি বা নীতিনির্ধারণী পর্যায়ের ব্যক্তিদের জীবনও সাধারণ মানুষের মতো অনিরাপদ। দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের দায়িত্ব ছেড়ে দেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
একজন এমপির বাড়িতে গভীর রাতে এ ধরনের হামলার ঘটনা জুলাই আন্দোলন ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য একটি সতর্কবার্তা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের কাছে এ ধরনের ঘটনায় রাষ্ট্রের দায়িত্ব ও করণীয় সম্পর্কে বক্তব্য প্রত্যাশা করেন তিনি।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা এবং আওয়ামী লীগের সঙ্গে হামলার কোনো সম্পর্ক আছে কি না- এমন প্রশ্নের জবাবে নুসরাত বলেন, ঘটনার আগে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পলাতক ব্যক্তিদের কাছ থেকে তিনি হুমকি পেয়েছেন বলে দাবি করছেন। ঘটনার পরও কয়েকটি ফেসবুক পোস্টে সংশ্লিষ্ট ব্যক্তিরা উল্লাস প্রকাশ করছেন বলে তার অভিযোগ। তবে এসব পোস্টের মাধ্যমে হামলার দায় স্বীকার করা হয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলেননি।
স্থানীয় কোনো বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, এলাকার মানুষকে তিনি সন্দেহ করছেন না। তার ব্যক্তিগত ধারণা, এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগ জড়িত। তবে পুলিশ তদন্ত করে প্রকৃত ঘটনা বের করবে বলে প্রত্যাশা করেন তিনি।
এর আগে বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রাতে বিকট শব্দ শোনার পর তাঁরা গবাদিপশু রাখার ঘরে আগুন দেখতে পান। বাড়িটিতে এমপির পরিবারের সদস্যদের পাশাপাশি একজন কেয়ারটেকার তার পরিবার নিয়ে বসবাস করতেন।
আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা ছুটে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং গবাদিপশু অন্যত্র সরিয়ে নেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এ ঘটনায় কয়েকটি ছাগল ও বেশ কিছু মুরগি মারা গেছে। পরিবারের সদস্যদের কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































