ছবি : সংগৃহীত
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বেলায়েত হোসেন (৮৫) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে মিজানুর রহমান বুধবার (০৬ মে) সন্ধ্যায় তেঁতুলিয়া মডেল থানায় অভিযোগ করেছেন।
নির্যাতনের শিকার বেলায়েত হোসেন তিরনইহাট ইউনিয়নের ডেমগছ এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা গেছে, মিজানুর রহমানের সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার (০৫ মে) সকালে বেলায়েত হোসেন তার নাতনি মালিহাকে দেখতে ডেমগছ এলাকায় যান। সেখানে গেলে আইনুল হক (৫৫), মো. রবি (২৫), মো. ভুট্টু (৫৫) ও মাজেদা বেগমসহ কয়েকজন তাকে রশি দিয়ে হাত-পা বেঁধে বাড়ির আঙিনায় ফেলে রাখেন এবং বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন।
মিজানুর রহমান বলেন, নির্যাতনের একপর্যায়ে তারা ঘর থেকে বটি, ধারালো দা ও কুড়াল বের করে এনে আমার বাবাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। স্থানীয় প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে দ্রুত থানায় যাই। পরে পুলিশ বাবাকে উদ্ধার করে তেঁতুলিয়া সদর হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুন<<>>ব্যারাকে ফিরবে সব সেনা
তিনি আরও বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করেছি। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মো. জাকারিয়া (৪৫) ও মো. আবু বক্কর সিদ্দিকসহ (৫৩) কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইসুর রহমান বলে, অভিযোগটি আমলে নেয়া হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে পরিবারের জিম্মায় বুঝিয়ে দেয়া হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































