Apan Desh | আপন দেশ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০০:২২, ২৬ এপ্রিল ২০২৬

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর নিহত

মালয়েশিয়ার কুয়ালালামপুরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর মোজাহিদ মিল্লাত (২৮) নিহত হয়েছেন। তিনি এক সেনা কর্মকর্তার গাড়িচাপায় প্রাণ হারান। এ ঘটনায় তার নিজ গ্রাম ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে কুয়ালালামপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাহিদ মিল্লাত সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের বাছির মিয়া ও ঝর্না বেগম দম্পতির চার সন্তানের মধ্যে বড় সন্তান ছিলেন। তিনি পেশায় একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ছিলেন। স্ত্রী তাবাসসুম আবিদাকে নিয়ে তিনি সিলেটে বসবাস করতেন।

পারিবারিক ও প্রবাসী সূত্রে জানা যায়, মোজাহিদ ও তার স্ত্রী পর্যটক হিসেবে মালয়েশিয়ায় ভ্রমণে গিয়েছিলেন। বৃহস্পতিবার ভোরে কুয়ালালামপুরে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোজাহিদ নিহত হন। তার স্ত্রী তাবাসসুম আবিদা গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, গাড়িটি চালাচ্ছিলেন মালয়েশিয়ার এক সেনা কর্মকর্তা এবং তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। পরে মালয়েশিয়া পুলিশ ওই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন <<>> টাঙ্গাইলে কৃষি-জনস্বাস্থ্য সুরক্ষায় কর্মশালা

এদিকে মোজাহিদের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে কালিকচ্ছ এলাকায় শোকের আবহ তৈরি হয়। পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে নেমে আসে শোকের ছায়া। সন্তান হারিয়ে বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েন।

নিহতের বাবা বাছির মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, কিছুদিন আগে তারা নতুন বাড়িতে উঠেছেন। মোজাহিদেরও মালয়েশিয়া থেকে ফিরে বাড়িতে আসার কথা ছিল। ভাবতেই পারছি না আমার ছেলে আর নেই। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, মোজাহিদের পরিবার চাইলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়া হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়