Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলকে সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৮, ২৪ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলকে সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

ছবি: আপন দেশ

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, টাঙ্গাইলকে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ ক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টা ও সকলের সহযোগিতা চান তিনি।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে শহরের ঐতিহ্যবাহী টাঙ্গাইলক্লাবে ‘সময়ের সাহিত্য কণ্ঠ’ পরিবারের আয়োজনে কবিতা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমাদের টাঙ্গাইল ঢাকার খুব কাছাকাছি জেলা। এ জেলাকে এক সময় সাংস্কৃতিক ও ক্রীড়া নগরী বলা হতো- সে জায়গাটা আমরা অনেকাংশেই হারিয়ে ফেলেছি। সেটাকে আবার ফিরিয়ে আনতে সাহিত্য চর্চাকে বাড়িয়ে সকলের সহযোগিতায় এবং সম্মিলিত প্রচেষ্টায় আমরা এ জেলাকে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।

তিনি বলেন, সাংস্কৃতিক অঙ্গনে যারা জড়িত রয়েছেন তাদের যদি কাজের পরিবেশ তৈরি করে দেয়া যায় তাহলে টাঙ্গাইলকে খুব তাড়াতাড়ি সাংস্কৃতিক নগরী হিসাবে ঘোষণা করা সম্ভব হবে। এতে স্থানীয় ঐতিহ্য, লোকশিল্প এবং আধুনিক সংস্কৃতির মেলবন্ধন ঘটানো খুবই জরুরি।

আরও পড়ুন <<>> ফুয়েল কার্ডের ছবির সঙ্গে অমিল, তরুণকে ইউএনওর থাপ্পড়

আধুনিক টাঙ্গাইল গড়ে তোলার ক্ষেত্রে সকলের সহযোগিতা চেয়ে তিনি বলেন, টাঙ্গাইলকে কিশোর গ্যাংমুক্ত রাখতে চাই। বিগত দিনে ফ্যাসিবাদরা টাঙ্গাইলকে সন্ত্রাসের নগরী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। সে অপবাদের জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে। কোন ভাবেই কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজরা আশ্রয়-প্রশ্রয় যাতে না পায়। কারো একার পক্ষে কিন্তু সব কাজ সম্ভব নয়। পাশে যারা থাকে তাদের সকলের সহযোগিতার প্রয়োজন হয়।

৭০ দশকের অন্যতম কবি মাহমুদ কামালের সভাপতিত্বে ওই কবিতা উৎসবের উদ্বোধন করেন, ষাটের দশকে কবি বীরমুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কবি আযাদ কামাল, ড. ইউসুফ খান, কবি বাদল প্রমুখ। এছাড়া কবিতা উৎসবে জেলার সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিরা অংশ নেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: