Apan Desh | আপন দেশ

খনন কাজের সময় মাটিচাপায় ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:৩৪, ২৩ এপ্রিল ২০২৬

খনন কাজের সময় মাটিচাপায় ২ শ্রমিক নিহত

ছবি : আপন দেশ

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের কাজ করার সময় মাটিচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৪টার দিকে নগরির অ্যাকসেস রোড এলাকায় সিঙ্গাপুর মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন রাকিব ও তুষার। তাদের মধ্যে তুষারের বাড়ি দিনাজপুর জেলায় বলে জানা গেছে। আহত দুই শ্রমিক হলেন সাগর ও এরশাদ। উদ্ধারকারী দল তাদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন জানান, ভোর রাতে আগ্রাবাদ অ্যাকসেস রোডে ওয়াসার পানির পাইপ বসানোর জন্য মাটি কাটার কাজ চলছিল। এ সময় ট্রায়াল পিট করার সময় হঠাৎ ওপর থেকে মাটির বিশাল একটি অংশ ধসে পড়ে চার শ্রমিক চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন<<>>বিদেশি মদসহ মাদক কারবারি আটক 

এ বিষয়ে চট্টগ্রাম ওয়সার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, আমাদের স্যুয়ারেজ প্রকল্পের কাজ চলছে। আগ্রাবাদ অ্যাকসেস রোডের ওই অংশে ট্রায়াল পিট করার কাজ চলছিল। গভীর রাতে কাজ করার সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত ও দুজন আহত হয়েছে। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রোর কাজটি করছে। তাদের কাছে এক্সিডেন্ট রিপোর্ট চেয়েছি।

নিহত দুই শ্রমিকের পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে জানিয়ে তিনি বলেন, পরিবারের সদস্যরা এসেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে ক্ষতিপূরণ পায়, সে বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কথা বলছি। যদিও মৃত্যুর কোনও ক্ষতিপূরণ হয় না।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম জানান, চার শ্রমিককে হাসপাতালে আনা হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং আহত দুজন ক্যাজুয়াল্টি ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়