Apan Desh | আপন দেশ

পঞ্চগড়ে জাগপা কার্যালয়ে হামলা-ভাঙচুর

পঞ্চগড় প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:০৯, ১৮ এপ্রিল ২০২৬

পঞ্চগড়ে জাগপা কার্যালয়ে হামলা-ভাঙচুর

ছবি: আপন দেশ

পঞ্চগড়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধানের এক বক্তব্যকে কেন্দ্র করে দলটির জেলা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে জাগপা নেতৃবৃন্দ।

জানা গেছে, সম্প্রতি জাগপার মুখপাত্র আল রাশেদ প্রধান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্যের অভিযোগে বৃহস্পতিবার বিকেলে উত্তপ্ত হয়ে ওঠে জেলা শহর। 

বিকেল ৫টায় জেলা বিএনপি কার্যালয় থেকে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা এলাকায় পৌঁছালে একদল উত্তেজিত নেতাকর্মী সেখানে অবস্থিত জাগপার জেলা কার্যালয়ে হামলা চালায়।

হামলায় জাগপা কার্যালয়ের টিনের সীমানা প্রাচীরটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। এছাড়া অফিসের ভেতরে থাকা চেয়ার-টেবিল, ব্যানার, টিভি ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করা হয়। তবে এ সময় কার্যালয়ে থাকা জাগপার কোনো নেতাকর্মীর ওপর শারীরিক হামলার ঘটনা ঘটেনি। 

আরও পড়ুন<<>>নিজের মাথায় গুলি করে আত্মহত্যা পুলিশ সদস্যর

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জাগপা পঞ্চগড় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী বলেন, ২০২৪ সালে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঠিক একই কায়দায় আমাদের অফিসে হামলা করেছিল। আমরা ভেবেছিলাম ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশে বাক-স্বাধীনতা ফিরে আসবে। কিন্তু নব্য স্বৈরাচারী কায়দায় বিএনপি আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। কয়েকশ নেতাকর্মী আমাদের কার্যালয়ে যে তাণ্ডব চালিয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও বিচার দাবি করছি। এ বিষয়ে আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নেবো।

জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব বলেন, তারা আমাদের দলীয় কার্যালয়ের প্রাচীর ও আসবাবপত্র ভাঙচুর করেছে। তবে আমাদের কোনো নেতাকর্মীর গায়ে হাত তোলেনি। আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী, তবে আমাদের ওপর সরাসরি আক্রমণ হলে আমরাও প্রতিহত করতে জানি।

হামলার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে জাগপা কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়