ছবি : আপন দেশ
চট্টগ্রাম নগরের টেরিবাজারের কে বি অর্কিড প্লাজা নামের একটি বহুতল বিপণিকেন্দ্রে অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ২ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।
তারা হলেন, মোহাম্মদ ইউনুস (৫২) ও মো. সোলাইমান (২৮)। তাদের গ্রামের বাড়ি পটিয়া উপজেলায়।
এর আগে সকাল ১০টার দিকে ওই বিপণিকেন্দ্রের চতুর্থ তলার একটি দোকানে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ইউনুস, সোলাইমান ও আরও একজন গুরুতর দগ্ধ হন।
গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক নুরুল আলম আশিক। তিনি জানান, টেরিবাজার এলাকায় আগুনের ঘটনায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তখন জরুরি বিভাগের চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : ‘রাজধানীতে ঈদ জামাতের নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে’
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের তথ্যানুযায়ী, নগরের লালদীঘি সড়কের টেরিবাজার এলাকায় কে বি অর্কিড প্লাজা নামের বহুতল ভবনের অবস্থান। ভবনটিতে বাণিজ্যিক ব্যাংকের কার্যালয়সহ বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে। সকালে ভবনের চতুর্থ তলায় ওয়েস্টার্ন টেইলার্স থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় লোকজন। তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশন থেকে চারটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর বেলা পৌনে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































