ছবি: ভিডিও থেকে নেয়া
চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফটিকছড়িতে যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। সোমবার (০৯ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে ফটিকছড়ির ফেলাগাজী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাজিরহাট হাইওয়ে থানা-পুলিশ নিহত একজনের পরিচয় নিশ্চিত করেছে। তার নাম তপন ওঁরাও। তিনি ফটিকছড়ির ভূজপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপর দুইজনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
এ দুর্ঘটনায় অন্তত ১০-১২ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসা চলছে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম শহরগামী একটি বাস ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
আরও পড়ুন <<>> নোয়াখালীতে ১৪ শিক্ষকের বিদায়ী সংবর্ধনা
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মেহেদী হাসান জানান, সন্ধ্যায় আহত ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুইজনকে হাসপাতালে আনার আগেই মৃত পাওয়া যায়। আহতদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম জানান, ঘটনাস্থলে একজন মারা যান। পরে হাসপাতালে নেয়ার পর আরও দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের পুলিশ ও স্থানীয় লোকজন হাসপাতালে পাঠিয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































