Apan Desh | আপন দেশ

তেল কিনতে গিয়ে যুবক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩৬, ৮ মার্চ ২০২৬

তেল কিনতে গিয়ে যুবক নিহত

নিহত যুবক নিরব হোসেন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে গোটা মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এতে এ অঞ্চলে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে। যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। সারাদেশের পাম্পগুলোতে তেলের জন্য হাহাকার পড়ে গেছে। ঘটছে অপ্রীতিকর ঘটনাও। 

তারই ধারাবাহিকতায় ঝিনাইদহে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে বাক-বিতণ্ডার জেরে পাম্পের কর্মীদের পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পাম্পের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (০৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নিরব আহমেদ। তিনি কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাদুরগাছি গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে বোতলে তেল নিতে আসেন যুবক নিরব হোসেন। এ সময় পাম্পের কর্মচারীরা তেল দিতে অপারগতা প্রকাশ করেন। যুবক নিরব হোসেন কিছুক্ষণ পরে আবারও তাজ ফিলিং স্টেশনে আসে। এ সময় অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দেয়া দেখে প্রতিবাদ করেন ওই যুবক। এ সময় পাম্পের কর্মচারীরা লাঠি দিয়ে নিরবকে পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাম্পের তিন কর্মচারীকে আটক করেছে র‌্যাব।

আরও পড়ুন<<>>টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষকদের দোয়া মাহফিল

এদিকে পাম্পকর্মীদের হামলায় যুবক নিহতের খবরে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাজ ফিলিং স্টেশনের মালিকানাধীন আরেকটি পাম্পে উত্তেজিত জনতা ভাংচুর চালায়।

নিহত নিরব আহমেদের খালাতো ভাই সোহেল হোসেন বলেন, আমার ভাই সাধাসিধে মানুষ। মোটরসাইকেলের তেল নিতে গিয়ে পাম্পের কর্মীদের সঙ্গে তার সামান্য কথা কাটাকাটি হয়। কিন্তু পাম্পের কর্মীরা সন্ত্রাসী কায়দায় লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আমার ভাইকে খুন করেছে। আমি হত্যাকাণ্ডের বিচার চাই।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, নিরব নামে এক যুবক পাম্পে তেল নিতে আসে। এ সময় পাম্পের কর্মীরা বাকবিতণ্ডার জেরে ওই যুবককে পিটিয়ে আহত করে। পরে ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় পাম্পের তিন কর্মীকে আটক করা হয়েছে। পাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়