ছবি: আপন দেশ
নাটোরের সিংড়া উপজেলায় মাটির নিচে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (০৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সিংড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া পৌরসভার নিংগইন ভাটোপাড়া এলাকায় একটি বাঁশঝাড়ে অভিযান চালানো হয়। একটি মসজিদের দক্ষিণ পাশে মাটির নিচে পানির ট্যাংকি বসিয়ে জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছে—এমন তথ্য পেয়েই সেখানে যায় প্রশাসনের দল।
অভিযানের সময় মাটির নিচে স্থাপন করা ট্যাংকি থেকে প্রায় ১০ হাজার লিটার ডিজেল তেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় জ্বালানি তেল ব্যবসায়ী মো. রুবেলকে (৩৪) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে ডিজেল মজুত করে রাখার দায়ে তাকে এ জরিমানা করা হয়েছে। এছাড়া উদ্ধার করা তেল আগামীকালের মধ্যে বৈধভাবে তার দোকানে স্থানান্তরের নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন <<>> দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ১৫
এ বিষয়ে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































