ছবি: আপন দেশ
সরকারের সমালোচনা অবশ্যই গঠনমূলক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। তাই সরকারের কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য ইতিবাচক সমালোচনা প্রয়োজন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান সহায়তা ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকারকে সহযোগিতা করা মানে দেশের জনগণকেই সহযোগিতা করা। ব্যক্তিগত সম্পর্কের অবনতির কারণে রাজনৈতিক দল বা সরকারকে অযথা সমালোচনার মুখে ফেলা উচিত নয়।
জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের পরিকল্পনাও তুলে ধরেন তিনি। জানান, চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নেয়া হচ্ছে। পাশাপাশি স্কুল পর্যায়ে বাংলা ও ইংরেজির সঙ্গে তৃতীয় একটি বিদেশি ভাষা—যেমন আরবি, জার্মান, চাইনিজ বা কোরিয়ান—শিক্ষার সুযোগ চালুর পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন <<>>মাটি বোঝাই ট্রাক ঘরে ঢুকে নিহত ১
নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যায় পর্যন্ত ছাত্রীদের পড়ালেখা অবৈতনিক করার সরকারি পরিকল্পনার কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ। এসময় যশোর, মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার মোট ৯৪ জনের মধ্যে ২৭ লাখ টাকার সহায়তার চেক বিতরণ করা হয়। এর মধ্যে ২৯ জন সাংবাদিককে অনুদান এবং ৬৫ জন সাংবাদিক সন্তানের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেয়া হয়।
চেক বিতরণ অনুষ্ঠানের আগে প্রতিমন্ত্রী স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে হাসপাতালের সেবা কার্যক্রম আরও গতিশীল করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদারে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































