ছবি : আপন দেশ
যশোরে হেরোইন মামলায় বেনাপোলের দুই মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) যশোরের বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান পলাশ।
দণ্ডপ্রাপ্তরা হলেন বেনাপোল এলাকার ঘিবা গ্রামের ইয়াকুব আলী সরদারের ছেলে শুকুর আলী এবং মৃত নইমুদ্দিন বিশ্বাসের ছেলে জামাল বিশ্বাস। মামলার তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ১৩ মে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশ জানতে পারে, শার্শা বাজারের যাত্রীছাউনির সামনে দুই মাদক কারবারি অবস্থান করছে। পরে এসআই মুরাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশ উপস্থিতি টের পেয়ে একজন ব্যাগ ফেলে পালিয়ে যায়। অন্যজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। আটক শুকুর আলীর ব্যাগ তল্লাশি করে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া পালিয়ে যাওয়া জামাল বিশ্বাসের ফেলে যাওয়া ব্যাগ থেকে আরও ২০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
আরও পড়ুন <<>> শিশু চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য
ঘটনার পর এসআই মুরাদ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে এসআই সুজাত আলী দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় শুকুর আলী ও জামাল বিশ্বাসকে প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি ৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































