ছবি: আপন দেশ
কুড়িগ্রামে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে উলিপুরে মাসব্যাপী পরিচ্ছন্ন উলিপুর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
সকালে উলিপুর মসজিদুল হুদার সামনে থেকে কর্মসূচির সূচনা হয়। পরে পৌর শহরের প্রধান সড়ক, বিভিন্ন অলিগলি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর, থানার মোড়, গুনাইগাছ মোড়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য সালেহী পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ হাতে ঝাড়ু দিয়ে কর্মসূচির কার্যক্রমে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা অর্থ সম্পাদক জহুরুল হক, উপজেলা ভারপ্রাপ্ত আমীর অ্যাড.কামাল কবির লিটন, উপজেলা সেক্রেটারি তৌহিদুল ইসলাম, পৌর সেক্রেটারি মাহফুজুর রহমানসহ দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আরও পড়ুন<<>>বিনা খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনার বিষয়ে যা বললেন নুর
এসময় ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য উলিপুর গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শুধু সরকারি উদ্যোগ নয়, নাগরিকদেরও নিজ নিজ বাসা-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার মানসিকতা গড়ে তুলতে হবে। তিনি দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের উদ্যোগকে সামাজিক আন্দোলনে রূপ দেয়ার আহবান জানান।
মাসব্যাপী এ কর্মসূচির আওতায় পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রমও চালানো হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































