ছবি: আপন দেশ
বাগেরহাটের কচুয়া উপজেলায় রহমতউল্লাহ শেখ (২৮) নামে এক যুবককে কুপিয়ে দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের কবিরের বাগান এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় আহত রহমতউল্লাহকে উদ্ধার করে কচুয়া থানা পুলিশ।
প্রথমে তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহত রহমতউল্লাহ শেখ কচুয়া উপজেলার চরসোনাকুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রহমতউল্লাহ অভিযোগ করেন, চরসোনাকুর গ্রামের একরাম শেখের ছেলে ইসরাফিল ও ইয়াসিন এবং তাদের সহযোগী ইব্রাহিম তাকে মারধর ও কুপিয়ে গুরুতর জখম করেছে।
রহমতউল্লাহর বাবা আব্দুল মতিন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে কামরুল, ইসরাফিল, ইয়াসিনসহ কয়েকজন তার ছেলের ওপর হামলা চালায়। হামলায় তার দুই হাত কুপিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে এবং দুই পা-ও গুরুতরভাবে জখম হয়েছে। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছেন এবং চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় নেয়ার প্রস্তুতি চলছে।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল ফেরদাউস বলেন, আহত ব্যক্তির দুই হাত ও দুই পায়ে গুরুতর আঘাত রয়েছে। এর মধ্যে একটি হাত ও একটি পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অন্য পাটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এছাড়া মাথা, হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন <<>> খেজুরে সরিষার তেল মিশিয়ে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও জানান, রহমতউল্লাহর বিরুদ্ধে থানায় মাদক ও ধর্ষণ সংক্রান্ত মামলা রয়েছে এবং এলাকায় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় ঘটে যাওয়া একটি ধর্ষণের ঘটনার ভিডিও দেখিয়ে ভুক্তভোগী পরিবারকে ব্ল্যাকমেইলের চেষ্টা করছিলেন রহমতউল্লাহ। এ ঘটনাকেও হামলার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। এদিকে ধর্ষণের ঘটনায় রোববার সকালে কচুয়া থানায় মামলা দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































