Apan Desh | আপন দেশ

বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:২৬, ২২ ফেব্রুয়ারি ২০২৬

বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা

ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ মুজিব (৪০) নামের এক মাংস ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার শিকার মুজিব কাকারা ইউনিয়নের কসাইপাড়ার ৫ নম্বর ওয়ার্ডের মৃত ফকির মোহাম্মদের ছেলে। তিনি স্থানীয়ভাবে মাংস ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহ ওমর মাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই আবদুল মালেক জানান, শনিবার সন্ধ্যার দিকে একই এলাকার বাসিন্দা আরিফ নামের এক যুবক বাড়িতে এসে মুজিবকে ডাকেন। ইফতারের কিছু সামগ্রী কিনে দিয়ে স্ত্রী আনোয়ারা বেগমকে সঙ্গে নিয়ে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

তিনি আরও বলেন, রাত ১১টার দিকে শাহ ওমর মাজারসংলগ্ন একটি বিল থেকে হাত-পা ও মুখে কসটেপ (টেপ) বাঁধা অবস্থায় মুজিবকে উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন<<>>মসজিদে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মোমবাতি জ্বালিয়ে তারাবি

পরিবারের দাবি, আরিফ ও তাদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটে। এসব ঘটনায় থানা ও আদালতে মামলাও বিচারাধীন রয়েছে।

আবদুল মালেকের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আরিফ নামের এক যুবক মুজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরও বলেন, অভিযুক্ত আরিফকে আটক করার চেষ্টা চলছে। তাকে আটক করা গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কথা জানিয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়